শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

খালেদা জিয়া অসুস্থ থাকায় যুক্তি উপস্থাপন পেছাল

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে আজও আদালতে হাজির না করায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় যুক্তি উপস্থাপন ফের পিছিয়ে আগামী ১০ জুলাই ধার্য করেছে আদালত।

আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশিবাজারের অস্থায়ী আদালতে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান এ তারিখ ধার্য করেন। একই সঙ্গে ওইদিন পর্যন্ত সাবেক এ প্রধানমন্ত্রীর জামিনের মেয়াদও বৃদ্ধি করেছেন আদালত।

এর আগে আজও কারাকর্তৃপক্ষ খালেদা জিয়া আদালতে হাজির হওয়ার মতো শারীরিকভাবে সুস্থ নন মর্মে আদালতে একটি প্রতিবেদন পাঠায়। অন্যদিকে খালেদা জিয়ার আইনজীবীরা তার জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করে শুনানি করেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে তিনি নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত ১ ফেব্রুয়ারি আসামি জিয়াউল হক মুন্নার পক্ষে যুক্তিতর্ক শুনানি অব্যাহত রয়েছে এবং খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন বাকি আছে।

২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক। এ মামলায় ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়। মামলাটিতে বিএনপি নেতা সচিব হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com