শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য পুরান ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন মেডিকেল বোর্ডের পাঁচ সদস্য।
শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টায় তারা ‘বাংলাদেশ জেল’ লেখা একটি মাইক্রোবাসে করে কারাগারের মূল ফটক দিয়ে প্রবেশ করেন।
এর আগে বিকেল ৩টার দিকে মেডিকেল বোর্ডের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আবদুল জলিল চৌধুরী বলেন, ‘আমরা মেডিকেল বোর্ডের পাঁচ সদস্যই কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের কক্ষে বসে আছি। কারা কর্তৃপক্ষের কাছ থেকে এখনো যাওয়ার জন্য অনুমতি পাইনি। খালেদা জিয়া বোধ হয় এখনো প্রস্তুতি নেননি। অনুমতি পেলেই আমরা সেখানে যাব।’
খালেদা জিয়ার চিকিৎসায় গত বৃহস্পতিবার পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে সরকার। আবদুল জলিল চৌধুরী ছাড়া বোর্ডের অন্য সদস্যরা হলেন- বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হারিসুল হক, অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক আবু জাফর চৌধুরী, চক্ষু বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তারিক রেজা আলী এবং ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ডা. বদরুন্নেসা আহমেদ।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে এই বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন বেগম জিয়া।বন্দি থাকা অবস্থায় একবার মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। তখন স্বাস্থ্য পরীক্ষার পর মেডিক্যাল বোর্ড বলেছিল, খালেদা জিয়ার অবস্থা গুরুতর নয়। তখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিক পরীক্ষা করতে ৭ এপ্রিল বেগম জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। এরপর খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবির পরিপ্রেক্ষিতে আবারও মেডিক্যাল বোর্ড গঠন করা হলো।