শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার সঙ্গে সরকার ন্যূনতম মানবিক আচরণ করছেন না বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘সাবেক প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও প্রথম শ্রেণির প্রাপ্য সুবিধাদি তিনি পাচ্ছেন না। এমনটি নরমালি যে নিয়ম আছে, শ্রেণি প্রাপ্ত প্রিজনার থাকেন তারা অনেক জিনিসই নিজস্ব খরচে নিয়ে আসতে পারবেন। আমরাও ভোগ করেছি। কিন্তু দেশনেত্রীকে সেটারও সুযোগ দেওয়া হচ্ছে না।’
‘তিনি সারাজীবনে যেটাতে অভ্যস্থ, ন্যূনতমটা সেখানে পাচ্ছেন না। সুস্থ মানুষ হিসেবে থাকার জন্য যেটা তার প্রয়োজন সেটা তিনি পাচ্ছেন না। তাকে চিকিৎসকরা প্রেসকাইফ করেছে যে ফিজিও থ্যারাপি দরকার, সেটাও তিনি পাচ্ছেন না।’
বিএনপি মহাসচিব বলেন, পুরোনো ঢাকার নাজিমউদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারে প্রায়শই বিদ্যুৎহীনতায় মোমবাতি ও হাতপাখা ব্যবহারে অমানবিকভাবে দিন কাটাচ্ছেন খালেদা জিয়া। তিনি বলেন, কারাগারের স্যাঁত স্যাঁতে পরিবেশ, বিশুদ্ধ পানির অভাব, ঘোমট আবহাওয়া ও নিয়মিত বিদ্যুৎহীনতার কারণে দেশনেত্রীর শ্বাসকষ্ট ও জ্বর লেগেই আছে। প্রতি রাত্রে তার জ্বর আসছে। এটা যেকোনো সুস্থ মানুষের জন্য অত্যন্ত অ্যালার্মিং। জ্বরটা যাচ্ছে না।
তিনি বলেন, ‘পরিত্যক্ত এই কারগারে এখন কোনো জেনারেটর নেই। প্রায়শই বিদ্যুৎ চলে যাচ্ছে। বাতি জ্বলে না, মোমবাতি ও হাতপাখা দিয়ে কাজ চালাতে হয়। এই যে অমানবিকতা, এই যে হৃদয়হীনতা-এটার তুলনা নেই।’
তিনি আরও বলেন, ‘তার (খালেদা জিয়া) রান্না যে হয়, সেই রান্নার কোয়ালিটি অত্যন্ত খারাপ হয়ে গেছে। বাইরের থেকে, তার পরিবারের থেকে, তার বাসা থেকে খাবার নিতে দেওয়া হচ্ছে না। এই কথাগুলো বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে গেছি। ন্যূনতম যেটুকু মানবিক আচরণ যেটা পর্যন্ত করা হচ্ছে না।’
ফখরুল বলেন, ‘সাড়ে তিন মাসে দেশনেত্রী অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। আমরা বার বার আপনাদের সামনে এসেছি। আমরা বার বার বলেছি, তাকে সুচিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা। কারাকর্তৃপক্ষ এটা রিকোমেন্ড করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছিলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা রিকোমেন্ড করে প্রধানমন্ত্রীর অফিসে পাঠিয়েছিলো। কিন্তু প্রধানমন্ত্রী সেটা এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেননি।’
‘প্রধানমন্ত্রীকে অনেকে অনুরোধ করেছেন, দেশে-বিদেশে তার কাছে অনেকে অনুরোধ এসছে যে সাবেক প্রধানমন্ত্রীর জামিন ও চিকিৎসার ব্যবস্থা যেন করা হয়। কিন্তু এখন পর্যন্ত তিনি (প্রধানমন্ত্রী ) কিছুই করননি।’
গতকাল মঙ্গলবার কারাগারে পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার বিষয়টি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘পরিবারের সদস্য কারাগারে গিয়ে দেখেছেন যে, তিনি অত্যন্ত অসুস্থ। অসুস্থতা এমন পর্যায়ে গেছে যে, তিনি ঠিকমতো হাঁটতে পারছেন না। তার বাম হাত অত্যন্ত ক্ষতিগ্রস্থ হয়েছে। তার নিউরো সমস্যা সেটা অনেকগুণ বেড়ে গেছে। আপনারা জানেন যে, দেশনেত্রীর আগে থেকেই অস্ট্রিও অর্থারাইটিজ, বেক পেইন, রক্তশূণ্যতাসহ কিডনি জটিলতায় ভুগছিলেন। ২০ বছর আগে হাঁটু দুটিতে প্রতিস্থাপন করা হয়েছে, দুই চোখে অস্ত্রোপচার করা হয়েছে।’
‘এখনই জরুরিভাবে তার রক্ত পরীক্ষা করা দরকার। বিশেষায়িত এমআরআই করা দরকার। তার সঠিক চিকিৎসা প্রয়োজন। আমরা মনে করি কোনো কাল বিলম্ব না করে অবিলম্বে তাকে বিশেষায়িত হাসপাতালে আমরা বলেছিলাম গুলশানের ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরিত করে তার সুচিকিৎসার ব্যবস্থা করা।”
খালেদা জিয়ার জামিন বিলম্বের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, মূল মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন হয়ে গেছে। সেই জামিনকে ঠেকানোর জন্য তারা সর্বাচ্চ আদালতে গেছে। এক-মাস দুই সেখানে কাটিয়েছে। তার পরে সেখানে জামিন দিতে যখন বাধ্য হয়েছে তখন একটার পর একটা ওই সমস্ত মিথ্যা মামলা নিয়ে আসছে।
‘সেই মিথ্যা মামলাগুলোতে হাইকোর্ট থেকে যখন জামিন পাচ্ছে সেই জামিনও আটকিয়ে দিচ্ছে। পুরো ব্যাপারটা হচ্ছে সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে বেআইনিভাবে জামিনকে আটকানোর জন্য তারা বাধার সৃষ্টি করছে। তিনি যেন বেরুতে না পারেন সেটা তারা নিশ্চিত করতে চাচ্ছে।। সরকারের মূল লক্ষ্য দেশনেত্রীকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা ও যে নির্বাচন ডিসেম্বরে আসছে সেই পর্যন্ত তাকে কারাগারে আটকিয়ে রাখা।’ এ সময় অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি পূনর্ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যাস এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।