শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: দলের চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আজ রোববার সকালে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় বিএনপি, ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল পৌনে আটটায় বিক্ষোভ মিছিলটি বনানী শেষমাথা থেকে শুরু করে গুলশান ১ নং গোলচত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, পূর্বঘোষিত কোনো কর্মসূচি ছাড়াই চেয়ারপারসনের মুক্তির দাবিতে সকালে বিক্ষোভ-মিছিল করেছি। এর জন্য কোনো কর্মসূচির প্রয়োজন হয় না। এ ছাড়া আমি তো অনেকটা বন্দি অবস্থায় রয়েছি। কাউকে বলেকয়ে কোথাও যাওয়া যায় না। তাই যখনই সুযোগ পাই, তখনই মিছিল করতে অফিসে চলে আসি।

এর আগে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের নিয়ে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ পাঁচ ঘণ্টার ওই বৈঠকে কেন্দ্রীয় নেতাদের মতামত নোট করেন মহাসচিব। বৈঠকের ব্যাপারে গণমাধ্যমের সঙ্গে কথা না বলারও নির্দেশনা দেয়া হয় কেন্দ্রীয় নেতাদের।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com