শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::
কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ সোমবার অনুষ্ঠিত হবে। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরোনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার নয় নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে অভিযোগ গঠনের শুনানি হবে।
আজ বেলা সাড়ে ১১টার পর খালেদা জিয়ার উপস্থিতিতে শুনানি হওয়ার কথা রয়েছে।
খালেদা জিয়ারপক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী, আবদুর রেজাক খান ও মাসুদ আহমেদ তালুকদার এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মোশাররফ হোসেন কাজল শুনানিতে অংশ নিবেন।
এর আগে গত ২১ জানুয়ারি খালেদা জিয়াকে অস্থায়ী আদালতে হাজির করা হয়। ওই দিন তাঁর উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়ার অন্যতম আইনজীবী হান্নান ভূঁইয়া নাইকো দুর্নীতির মামলার তারিখের বিষয়ে নিশ্চিত করেছেন। গত ২০১৭ সালের ৩০ নভেম্বর এ মামলায় খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থন করে জামিন নেন। এর আগে ২০১৭ সালের ১৮ জুন এ মামলাটি বিচারিক আদালতে চলবে বলে রায় দেন হাইকোর্ট।
মামলায় বলা হয়, ২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম মামলা করেন। পরবর্তী সময়ে, ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। সূত্র: এনটিভি