শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে মুক্ত করেই নির্বাচনে অংশ নিবে বিএনপি: মওদুদ

নিজস্ব প্রতিবেদক:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, জাতীয় ঐক্য গঠন করে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আগামী নির্বাচনে অংশ নিবে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে ভাসানী ভবনে বেগম খালেদা জিয়া মুক্তি ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, আমাদের সামনে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তাই আমরা গণতন্ত্রমনা সব দলের সাথে একটি জাতীয় ঐক্য তৈরিতে কাজ করছি। দ্রুত এটি সফল হবে। ১ অক্টোবর থেকে আমাদের কর্মসূচি শুরু হবে। তাই সবাইকে আন্দোলনের প্রস্তুতি নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে কর্মসূচি সফল করতে হবে।

এসময় সরকারকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আওয়ামীলীগ যদি আবারও ৫ জানুয়ারী মত নির্বাচন করতে চায় তাহলে সেটি তাদের দিবা স্বপ্ন। এ দেশের জনগণ ভোটার বিহীন কোনো নির্বাচনের ষড়যন্ত্র সফল হতে দিবে না।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার কার্যক্রম নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারে স্থাপিত আদালতে চলার বিষয়ে মওদুদ আহমদ বলেন, কতবড় প্রতিহিংসা খালেদা জিয়ার প্রতি। জেল খানায় আদালত বসিয়ে সেখানে বিচারকাজ পরিচালনা করছে। যেটা কল্পনাতীত। সংবিধানে আছে উন্মুক্ত ভাবে বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে। কিন্তু সেটি না করে সরকার বেআইনিভাবে কারাগারে আদালত বসিয়ে খালদা জিয়ার মামলার বিচার কাজ চালাচ্ছে।

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার দেওয়া ষোড়শ সংশোধনীর রায় ও সম্প্রতি প্রকাশিত তার বই সম্পর্কে বলেন, তিনি একটি অমর রায় লিখে গেছেন। এ রায় সরকার গ্রহণ করতে পারেনি বলে তাকে চলে যেতে হয়েছে। সরকার একদিকে বলে স্বাধীন বিচার বিভাগের কথা অন্য দিকে তারা বিচার বিভাগকে নিজের নিয়ন্ত্রণে নিতে চায়৷ এটি সরকারের দ্বৈত নীতি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com