শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

খালেদার মুক্তি দাবিতে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার সুচিকিৎসা দাবিতে ঢাকাসহ জেলা সদর ও মহানগরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে গাজীপুর সিটি করপোরেশন এলাকা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

ঈদের আগে গত ১৪ জুন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা দাবিতে সারাদেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে বিএনপি।

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার বিষয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, দেশনেত্রীর শারীরিক অসুস্থতার যাতে যথাযথ চিকিৎসা না হয়, তার জন্য সরকার এমন কোনো ফন্দি নাই যা আঁটছে না। চিকিৎসাকে বিলম্বিত করার জন্য মন্ত্রীদের দিয়ে নানা কাহিনী শোনানো হচ্ছে মানুষকে।

তিনি বলেন, ‘এখন শুধু কারা কর্তৃপক্ষ নয়, এর সাথে যুক্ত হয়েছে সরকারের বাণিজ্যমন্ত্রী, সেতু ও যোগাযোগমন্ত্রী, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। তারা সম্মিলিত কোরাসে এমন কথা বলছেন, যাতে দেশনেত্রীর বেসরকারি হাসপাতালে চিকিৎসা হলে তাতে মনে হয় অনেক কিছু অশুদ্ধ হয়ে যাবে।’

বারবার কারাবিধির কথা তুলে মন্ত্রীরা ‘গায়ের জোরে’ খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা নেওয়া আটকাতে চাচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, এজেডএম জাহিদ হোসেন, সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু ও তাইফুল ইসলাম টিপু উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com