শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: ক্ষমতায় আসার দেন-দরবার করতেই প্রধানমন্ত্রী ভারত সফর করেছেন- এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, গণমাধ্যমের খবরে এটা পরিস্কার যে, প্রধানমন্ত্রী দেশের স্বার্থে ভারত যাননি, তিস্তার পানির জন্য যাননি, সীমান্তে বাংলাদেশিদের হত্যার রক্তক্ষরণ বন্ধ করতে যাননি, তিনি গেছেন ক্ষমতার টিকে থাকার দেনদরবারে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী ক্ষমতা হারানোর ভয়ে নিজ দেশের জনগনকে বাদ দিয়ে এখন মুরুব্বীদের কাছে দেন দরবার শুরু করেছেন। কারণ তিনি বুঝতে পেরেছেন তাদের দুঃশাসনের জবাব দিতে মানুষ প্রস্তত হয়ে আছে, তার বিদায় ঘন্টা বেজে গেছে। সেজন্য ক্ষমতাসীনদের চিরাচরিত আশ্রয়স্থল ভারতের শরনাপন্ন হয়েছেন আবারো ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরেকটি একতরফা নির্বাচন নিশ্চিত করে অবৈধ ক্ষমতা ধরে রাখতে।
তিনি বলেন, মরুব্বীদের কাছে দেন-দরবার ও আকুতি-মিনতি করে কোনো লাভ নেই। জনগণই সকল ক্ষমতার ধারক। বাংলাদেশে আগামী নির্বাচন হতে হবে অবাধ,সুষ্ঠু ও সকল দলের অংশগ্রহণে। দেশের জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে ছাড়া আগামী নির্বাচন হবে না। অবিলম্বে তাকে মুক্তি দিন, সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করুন।
নির্বাচন কমিশনের সমালোচনা করে রিজভী বলেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ভোটাররা সুষ্ঠু ভোটের শত্রুর পক্ষ মনে করেন। আর এ কারণে তিনি আওয়ামী সরকারের ভোট জালিয়াতির বৈধতার রাবার স্টাম্প হিসেবে কাজ করছেন। ১৯৯৬ সালে কুমিল্লার জেলা প্রশাসক থাকাকালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি যিনি ভাংচুর করেছিলেন সেই ব্যক্তি কী কখনো নিরপেক্ষ হতে পারেন, তিনি কখনোই নিরপেক্ষ হতে পারেন না।
সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, এজেডএম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।