রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

ক্রিকেট বিশ্বে নতুন আফ্রিদির উত্থান

স্পোর্টস ডেস্ক:: নতুন আফ্রিদি পেয়ে গেছে পাকিস্তান। নাম শাহিন শাহ আফ্রিদি। বয়স ১৭ বছর। ‘বুম বুম’ আফ্রিদির মতো তিনি অলরাউন্ডার নন, বোলার। তিনি বাঁ-হাতি মিডিয়াম পেসার। অনুধ্ব-১৯ বিশ্বকাপে উত্থান হয় এই তরুণ আফ্রিদির। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে অভিষেক ম্যাচে আট উইকেট শিকার করে চমকে দিয়েছিলেন শাহিন।

এবার পাকিস্তান সুপার লিগেও কেরামতি দেখালেন। লাহোর কালান্দার্সের হয়ে খেলা শাহিন আফ্রিদি মুলতান সুলতানসের বিরুদ্ধে শুক্রবার ৫ উইকেট শিকার করে হুলুস্থুল বাধিয়ে দিয়েছেন। ৩.৫ ওভারে খরচ করেছেন মাত্র ৪ রান। আছে একটি মেডেন ওভারও। টি-২০ ক্রিকেটে অন্যতম সেরা বোলিং স্পেল এটি, যা চতুর্থ স্থানে রয়েছে।

শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। বাঁ-হাতি এই স্পিনার টি-২০ ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৩ রান দিয়ে শিকার করেছিলেন ৫ উইকেট।

শাহিনের দুরন্ত বোলিং দেখে মুগ্ধ স্বয়ং শহিদ আফ্রিদি। টুইটারে বলেছেন, ‘‌শাবাস শাহিন আফ্রিদি। একটা চ্যাম্পিয়ন তৈরি হচ্ছে।’‌ অপর একজন বলেছেন, ‘‌কী দুরন্ত বোলিং করল শাহিন আফ্রিদি। এবারের টুর্নামেন্টের সেরা বোলিং।’‌ আরেকজনের কথায়, ‘‌শাহিন আফ্রিদি। খুব শিগগিরই বিশ্বের অন্যতম সেরা বোলার হয়ে উঠবে।’‌

পাকিস্তানের সাবেক ক্রিকেটার রামিজ রাজা বলেছেন, ‘‌নতুন তারার জন্ম হলো। সবচেয়ে কম বয়সে পিএসএলে একটি ম্যাচে পাঁচ উইকেট দখল করল শাহিন। এক ওভারে মেডেন সহ ৫ উইকেট। ১৮টি ডট বল।’‌ অন্য একজন বললেন, ‘‌দুর্দান্ত বোলিং করল শাহিন আফ্রিদি। মুলতানকে একাই শেষ করে দিল।’‌ আরেক ভক্ত বলেছেন, ‘‌১৭ বছরে কী বোলিং করল!’‌

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com