শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

কে এগিয়ে-রিয়াল না পিএসজি?

স্পোর্টস ডেস্ক:: বিগ ম্যাচের খেতাব পেয়েছে অনেক আগেই। প্রায় মাসখানেক ধরে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। অবশেষে এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে আজ রাতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি।

এ ম্যাচ নিয়ে কৌতূহলী পাঠকের তৃষ্ণা মেটাতে তুলনামূলক বিশ্লেষণ দাঁড় করানো হল-

আক্রমণভাগ: এ ম্যাচে লড়াইটা হবে মূলত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও নেইমারের মধ্যে। তবে সার্বিক ক্যানভাসে লড়াই হবে বিবিসি (বেল-বেনজেমা-রোনাল্ডো) বনাম এমসিএন (এমবাপ্পে, কাভানি, নেইমার)-এর মধ্যে। এ মুহূর্তে চাপে রয়েছেন বেনজেমা। বাজে ফর্মের কারণে বিতর্কের মুখে তিনি। চোট কাটিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন বেল। রোনাল্ডোও জানান দিচ্ছেন তার ফর্ম পড়তির দিকে নয়। পিএসজির নেইমার রয়েছেন ফর্মের তুঙ্গে। দুরন্ত ফর্মে আছেন কাভানি। এমবাপ্পে ও অ্যাঞ্জেল ডি মারিয়ার ফর্ম আক্রমণভাগকে আরও সচল রেখেছে।

গোলরক্ষক : এ ম্যাচে রিয়ালের গোলবার সামলানোর দায়িত্ব পাচ্ছেন কাইলর নাভাস। তার ওপরই আস্থা রাখছেন জিনেদিন জিদান। মানসিক দিক দিয়ে বেশ শক্তিশালী নাভাস। চাপের মুখে অতন্দ্র প্রহরী তিনি। আর পিএসজির গোলবার সামলাবেন আলফোস আহিওলা। ফরাসি লিগে অর্ধেকের বেশি ম্যাচে গোল খাননি তিনি। চলতি চ্যাম্পিয়নস লিগেও রেকর্ড ভালো। তবে মানসিকভাবে ততটা শক্তিশালী নন।

রক্ষণভাগ : রিয়ালের রক্ষণভাগ সামলানোর গুরুদায়িত্ব থাকছে নিউ সাইনিং নাচোর ওপর। তার ওপরেই বর্তিয়েছে নেইমারকে আটকানোর দায়িত্ব। তাকে সঙ্গ দেবেন রাফায়েল ভারানে, সার্জিও রামোস ও মার্সেলো। খুব একটা ফিট নেই মার্সেলো। ফর্মে নেই ভারানে। রামোসও আগের মতো অপ্রতিরোধ্য নন।

পিএসজির রক্ষণভাগের অতন্দ্র প্রহরী ২৩ বছর বয়সী মারকুইনোস। দারুণ ফর্মে আছেন তিনি। এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা সেন্টার ব্যাক তিনি। তাকে সঙ্গ দেবেন তরুণ প্রেসনেল কিম্পেম্বে। দারুণ ট্যাকল করে এরই মধ্যে নজর কেড়েছেন তিনি। তাদের সঙ্গে আছেন অভিজ্ঞ থিয়াগো সিলভা।

মাঝমাঠ : রিয়ালের মাঝমাঠে নেতৃত্ব দেবেন টনি ক্রুস। তার সামনে থাকবেন কাসেমিরো ও লুকা মড্রিচ। তিনজনই ভালো ফর্মে আছেন। পিএসজির হয়ে মাঝমাঠে বল ধরে থাকবেন মার্কো ভেরাত্তি ও আদ্রিয়া হাবিও। এ মুহূর্তে দুজনকে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার ভাবা হচ্ছে।

কোচ : দায়িত্ব নিয়েই একের পর চমক দেখিয়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। প্রথম দুবছরে তিনি যা আর্জন করেছেন, ক্লাবটির ইতিহাসে কোনো কোচের নেই। তবে এ বছরটি ভালো যাচ্ছে না তার। লা লিগায় ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে না পারায় ফরাসি কিংবদন্তির ট্যাকটিক্যাল প্রজ্ঞা নিয়ে প্রশ্ন উঠেছে। তবু আস্থা থাকছে। কারণ খেলোয়াড়দের সঙ্গে তার মনোমালিন্য নেই। সবাই কথা শোনে।

জিদানের মতো মেধাবী না হলেও রণকৌশলে খুব একটা পিছিয়ে নেই উনাই এমেরি। পিএসজির দায়িত্ব নেয়ার পর বার্সেলোনাকে ধরাশায়ী করেছেন তিনি। ফরাসি লিগে মোনাকোকে ছাড়িয়ে গেছেন। ফর্ম না থাকলে কোনো তারকাকে বসাতে দ্বিধা করেন না। এখন আপনারাই সিদ্ধান্ত নেন কে এগিয়ে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com