শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে অনিয়মের ঘটনা সরকারের লুটপাটের আলামত : মোশাররফ

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে অনিয়মের ঘটনার নিন্দা জানিয়ে এটাকে সরকারের লুটপাটের আলামত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশ ব্যাংকে এর আগে রির্জাভ চুরি হয়েছে। রিজার্ভের সঙ্গে ব্যাংকের কর্মকর্তা ও সরকারের ওপরের মহলের লোকজন জড়িত। এজন্য এখানে কোনো তদন্ত রিপোর্ট প্রকাশ হয়নি এবং বিচার হয়নি। আজকে এই স্বাধীন দেশে মানুষের যেমন নিরাপত্তা নেই, তেমনি ব্যাংকগুলোতেও কোনো নিরাপত্তা নেই। এগুলো ন্যক্কারজনক।

জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদোগে ‘বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা এবং সরকারের নীল নকশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ভল্টে ভুতুড়ে কাণ্ডের বিষয়ে গত ২৫ জানুয়ারি শুল্ক গোয়েন্দা ও এনবিআর বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত সরকার নিশ্চুপ। এই বাংলাদেশে রিজার্ভ লুট হয়েছে, এই টাকার কিছু অন্য দেশে গেছে, সেই দেশ তাদের বিচার করেছে। কিন্তু এই দেশে এটা নিয়ে যে তদন্ত করা হয়েছে, তার রিপোর্ট প্রকাশ করা হয়নি।

তিনি বলেন, ব্যাংক লুটপাটের আলামত হচ্ছে স্বৈরাচারি সরকারের আলামত। তারা দেশটাকে লুটেপুটে খাওয়ার জন্যে যেখানে যা করা দরকার তা আজকে করছে।

সাবেক এ মন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক কী ব্যবস্থা নিচ্ছে তা দেখার জন্য অপেক্ষা করছি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হওয়ার পর যেভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে, এই ভল্টের কারসাজির পর আবার যদি এরকমের ধামাচাপা দেওয়া হয় তাহলে জনগণের কাছে একদিন তাদের সবাইকে জবাবদিহি হতে হবে।

আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা মেহেদি হাসান পলাশের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাসাসের শাহরিয়া ইসলাম শায়লা প্রমুখ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com