শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ ৩৪ নেতাকর্মী আটক

কুষ্টিয়া প্রতিনিধি:: কুষ্টিয়ায় জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, নাশকতার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর কুষ্টিয়া জেলা শহরের থানার মোড়ের বাসা থেকে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপার এস এম মেহেদি হাসান জানান, ‘বিএনপি নেতা ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর বাসায় নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।’

‘এ সময় কুষ্টিয়া জেলা ছাত্রদলের মাহফুজুর রহমান মিথুন, সাধারণ সম্পাদক এস আর শিপন, সাংগঠনিক সম্পাদকসহ ৩৪ নেতাকর্মীকে ২৩টি ককটেলসহ আটক করা হয়’, যোগ করেন পুলিশ সুপার।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ছাত্রদল নেতাকর্মীরা ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে পুলিশ তাদের আটক করে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com