বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত রাত ১২টার পর উপজেলার বাগোয়ান গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। এনসিপি নেতাদের দাবি, দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে এই হামলা চালিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে একতলা টিনশেড ঘরটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি কক্ষ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুনে পুড়ে দুটি ছাগলের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এনসিপির দেওয়া বিবরণ অনুযায়ী, রাত ১২টার পর একাধিক মোটরসাইকেলে এসে একদল দুর্বৃত্ত বাড়িটি লক্ষ্য করে পরপর চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে সটকে পড়ে। এর মধ্যে দুটি বোমা টিনের চালে, একটি গবাদিপশুর শেডে এবং অন্যটি উঠানে এসে পড়ে। ঘটনার সময় এমপি নুসরাত তাবাসসুমের মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যরা বাড়িতে অবস্থান করছিলেন। এই হামলায় পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলেও দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সেল থেকে দেওয়া এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এই অগ্নিকাণ্ডকে ‘আওয়ামী লীগের সন্ত্রাসীদের পেট্রলবোমা হামলা’ বলে অভিযোগ করা হয়েছে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও একই অভিযোগ তোলেন।
ঘটনার পরপরই সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ দলের শীর্ষ নেতারা ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
তবে পেট্রলবোমা হামলার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, “এমপি নুসরাত তাবাসসুমের মা-বাবা অদূরেই একটি তিনতলা ভবনে বসবাস করেন, সেই ভবনটি নিরাপদ রয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।”
বর্তমানে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।