শনিবার, ২৫ Jul ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

কিশোর গ্যাং ও মাদক থেকে তরুণদের রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই

কিশোর গ্যাং ও মাদক থেকে তরুণদের রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক ॥
কিশোর গ্যাং, মাদক, মোবাইল আসক্তি ও উগ্রবাদ এই চারটি সংকট আজকের তরুণ সমাজকে গ্রাস করছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। এমন মন্তব্য করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

শুক্রবার ২৪ জুলাই বিকেলে নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বান্দুরা মুসলিম যুব সংঘ মাঠে আয়োজিত জমজমাট এই ফাইনাল ম্যাচকে ঘিরে বিকেল থেকেই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা শুরু হওয়ার প্রায় দেড় ঘণ্টা আগেই মাঠের চারপাশে হাজারো দর্শকের ঢল নামে। নারী-পুরুষ, কিশোর-তরুণসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়া মিলনমেলায়।

খন্দকার আবু আশফাক বলেন, ডিজিটাল যুগে অনেক ছেলে-মেয়ে মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। অন্যদিকে একটি চক্র ধর্মের অপব্যাখ্যা দিয়ে তরুণদের উগ্রপন্থার দিকে ঠেলে দিচ্ছে। এসব প্রবণতা শুধু পরিবার নয়, রাষ্ট্র ও সমাজের জন্যও বড় হুমকি। তাই তরুণদের মাঠে ফিরিয়ে আনতে হবে, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে হবে। তিনি আরও বলেন, অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন হতে হবে। তারা কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এবং কী করছে, এসব বিষয়ে নজর রাখতে হবে। খেলাধুলা শুধু শরীর সুস্থ রাখে না, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা ও দেশপ্রেমের শিক্ষাও দেয়।

কিশোর গ্যাং, মাদক, মোবাইল আসক্তি ও উগ্রবাদ এই চারটি সংকট আজকের তরুণ সমাজকে গ্রাস করছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। এমন মন্তব্য করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

ফাইনাল ম্যাচে দোহারের কার্তিকপুর একাদশ ও নবাবগঞ্জের তরুণ প্রতিভা একাদশ মুখোমুখি হয়। টানটান উত্তেজনার লড়াইয়ে ১-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় কার্তিকপুর একাদশ। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন সাংবাদিক ইমরান হোসেন সুজন।

এ সময় উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী তানভীর আহমেদ সানু মোল্লা, কানাডা প্রবাসী আমজাদ হোসেন (ভিপি আমজাদ), ক্রীড়াবিদ মজনু মোল্লা, খন্দকার আবু শফিক মাসুদ, তুষার আহমেদ, ভিপি আকবর, কাস্টমস কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, সাবেক চেয়ারম্যান তপন মোল্লা, যুবদল সভাপতি মনিরুজ্জামান পবন, রাহিন আহমেদ, রুবেল তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, এমন আয়োজন শুধু বিনোদনের নয়, বরং তরুণদের সুস্থ বিকাশ, সামাজিক সম্প্রীতি এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নবাবগঞ্জে গোল্ডকাপ ফুটবলের এই আয়োজন তাই ক্রীড়া প্রতিযোগিতার গন্ডি পেরিয়ে সামাজিক সচেতনতারও এক শক্তিশালী বার্তা হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com