শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: ভারতকে হারানোর স্বপ্ন অধরাই থাকল। নিদাহাস ট্রফিতে একটা সুযোগ ছিল। কিন্তু লিগ পর্যায়ের ম্যাচে তা আর সম্ভব হয়নি। অপরদিকে জয় নিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেছে ভারত। বাংলাদেশ-শ্রীলঙ্কার আগামীকালের খেলায় যে জয় পাবে সে হবে ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী। গত কয়েক দিন মেঘলা আকাশ ও গুঁড়ি বৃষ্টিতে মাঠের অবস্থা যেমন ভালো ছিল না তেমনি উইকেটও। এমন কন্ডিশনে টসে জিতে ভারতকে প্রথম ব্যাটিং করতে পাঠিয়ে একটা সুযোগও সৃষ্টি করেছিল বাংলাদেশ ভারতকে ১৭৬ রানে আটকে দিয়ে। কিন্তু ওই রান আর চেজ করা সম্ভবপর হয়নি। বাংলাদেশ দল ভালো করে সে দিনই যে দিন টপ অর্ডার দায়িত্ব নিয়ে খেলতে পারে। এ ম্যাচে তা হয়নি। লিটন, তামিমরা ব্যর্থ ছিলেন। এরপর একা লড়ে গেছেন আগের ম্যাচের সেরা পারফরমার মুশফিকুর রহীম। জয়ের স্বপ্নটা মুশফিকের ওপর ছিল নির্ভরশীল। কিন্তু এক প্রান্তে বসে আর কতক্ষণ লড়াই সম্ভব। শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৩ রান।
সার্দুল ঠাকুরের করা ১৯তম ওভার থেকে মাত্র পাঁচ রান আসলে ম্যাচে একক নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারত। কারণ শেষ ওভারে অন্তত ২৮ করা সম্ভবপর না। শেষ পর্যন্ত হয়ওনি। ১৫৯ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। এতে ১৭ রানে হেরে যায় বাংলাদেশ এ ম্যাচে। মুশফিক এ ম্যাচেও করেন অপরাজিত ৭২ রান। ৫৫ বলে ওই রান করেছেন তিনি এক ছয়, চার বাউন্ডারির সাহায্যে। আসলে স্পিন সহায়ক উইকেটে ব্যাটিংটা বড্ড কষ্ট ছিল। ভারতীয়রাও পারেনি সেভাবে। বাংলাদেশও হেঁটেছে একই পথে। ওয়াশিংটন সুন্দরের ঘূর্ণিতে আউট হয়েছেন লিটন দাস, সৌম্য সরকার ও তামিম ইকবাল।
ম্যাচ ওখানেই চাপে পড়ে যায়। এরপর মাহমুদুল্লাহ দায়িত্ব নিয়ে খেলতে পারলেও হতো। তাও হয়নি। সাব্বিরকে নিয়ে মুশফিক খেলেছিলেন ৬৫ রানের এক পার্টনারশিপ। কিন্তু মুশফিক একটু স্লোই খেলে ফেলেন। সাব্বির বিগ শট নিতে গিয়ে বোল্ড হয়ে যাওয়ার পর মিরাজ আর কিছুই করতে পারেননি। আসলে অলরাউন্ডার হিসেবে মিরাজ এ ভার্সানে যে ব্যর্থ তা বারবার প্রমাণিত হওয়ার পরও রয়েছেন দলে। শেষ পর্যন্ত মুশফিক অপরাজিত থাকলেও হেরেই ফিরতে হয় এ ম্যাচে।
আগে বাংলাদেশের বোলাররা বেশ কন্ট্রোল করেছিলেন ভারতীয় ব্যাটসম্যানদের। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটসমানদের দুর্দান্ত পারফরম্যান্স হলেও বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট থাকার মতো ছিল না। ভারতের বিপক্ষে বোলারদের কন্ট্রোল বোলিং প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে ভারতের ব্যাটসম্যানদের যেভাবে আটকে রেখেছিল সে বোলিংয়ের প্রত্যাশায় ছিলেন কোর্টনি ওয়ালশও। নিখুঁত লাইন নিশানায় রাখতে পেরেছেন তারা বল। যেমন স্পিনাররা, তেমনি পেস বোলাররাও। পাওয়ার প্লেতেই সব সময় রান ওঠে বেশি। কিন্তু ভারত কাল প্রথম ৬ ওভারে ৪৯ রান করতে সক্ষম হয়েছিল বিনা উইকেটে। শেখর ধাওয়ান ও রুহিত শর্মার সূচনা ভারতের জন্যও ছিল অস্বস্তিকর। তবে তাদের ধীরে রান সংগ্রহ পুষিয়ে দেয় শেষের চার ওভারে। ১৬তম ওভারে রান ছিল ভারতের ১২৬/১। এরপর ওই স্কোর নিয়ে যান তারা ওই পর্যায়ে।
রুহিত শর্মা চেষ্টা করেছেন। সূচনাটা তার ধীরে হলেও তা পুষিয়ে দিয়েছেন পরে। ৪২ বলে হাফ সেঞ্চুরি পূরণ করে শেষ ওভারে গিয়ে আউট হয়েছেন শেষ বলে। রান করেছেন ৮৯, ৬১ বলে। যার মধ্যে ছিল পাঁচটি করে চার ও ছক্কা। এর আগে আউট হওয়া সুরেশ রায়না অবশ্য বেশ দ্রুতই রান তুলেছেন। বিশেষ করে শেখর ধাওয়ানের আউট হওয়ার পর। রায়না ৪৭ করেছিলেন ৩০ বলে। যার মধ্যে রয়েছে দুই ছক্কা ও পাঁচ চার। তবে ভারতের যে তিন উইকেটের পতন তাতে স্পষ্ট অবদান রুবেল হোসেনের। শেখর ধাওয়ানকে ১৪৩ কিলোমিটার স্পিডের বলে ইয়র্কার করে মিডল স্ট্যাম্প উড়িয়ে দেন। ৩৫ করেছিলেন তিনি। এরপর রায়না মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হওয়ার পর রুবেলের বলে খেলতে গিয়েও পারেননি। নিজের বলে ফিল্ডিং করে রুবেলই ভেঙে দেন উইকেট।
রুবেল তার চার ওভারে ২৭ রান দিয়ে নেন দুই উইকেট। নাজমুল অপুও তার চার ওভারে দেন ২৭ রান। কিন্তু উইকেট পাননি। অন্যদের মধ্যে মুস্তাফিজ চার ওভারে ৩৮ ও মিরাজ তিন ওভারে দেন ৩১ রান। রুহিত শর্মা ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন। চার খেলায় ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই ভারত উঠল ফাইনালে।