শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি॥
গাজীপুরের কালিয়াকৈরে গোপনে স্ত্রীর গোসলের ভিডিও ধারণকারীর বিচারের জন্য থানায় অভিযোগ দিয়ে বিপাকে পড়েছেন এক প্রতিবন্ধী। তদন্ত পুলিশ কর্মকর্তা ও আসামী পক্ষের হুমকি-দমকিতে বাড়ি ছাড়তে হয়েছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই প্রতিবন্ধী।
ওই প্রতিবন্ধী হলেন, বগুড়ার গাবতলী থানার কৃষ্ণচন্দ্রপুর এলাকার আব্দুর রহমান দুলুর ছেলে শাহ আলম শিবলু। তিনি শারীরিক প্রতিবন্ধী।
ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সুত্রে জানা গেছে, প্রতিবন্ধী শাহ আলম তার স্ত্রী রূপালী বেগমকে নিয়ে জীবিকার সন্ধানে দীর্ঘদিন আগে গাজীপুরের কালিয়াকৈরে আসে।
পরে তিনি কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা সরকারবাড়ি এলাকার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি কিল্ডারগার্টেন স্কুলে শিক্ষকগতা করেন। কিন্তু তাদের অজান্তে কৌশলে তার ভাড়া বাসার গোসলখানার ব্যান্টির ভিতরে মোবাইল রাখে ফারুক হোসেন নামে এক ব্যক্তি। পরে ইন্টারনেট ও ইউটিউবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তার স্ত্রীর গোসলে বিবস্ত্র ভিডিও ধারণ করে। বিষয়টি টের পেয়ে তার স্ত্রী ওই মোবাইলটি ভেঙ্গে মেমোরি কার্ড উদ্ধার করে। ইতিমধ্যে ফারুকের মোবাইল ফোনে একাধিক বিবস্ত্র ভিডিও রয়েছে।
এ বিষয়ে গত ১৭ সেপ্টেম্বর শাহ আলম শিবলু বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্ত ওই প্রতিবন্ধীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে তদন্তে যান কালিয়াকৈর থানার এসআই রাজা মিয়া। সেখানে গিয়ে পুলিশ ওই এসআই হুমকি দিয়ে আসামী পক্ষের কাছ থেকে ২৩ হাজার টাকা আদায় করে এবং বিষয়টি মিমাংসার ব্যবস্থ করেন।
পরে এসআই রাজা মাতাব্বর সেজে ৩০ হাজার টাকায় বিষয়টি মিমাংসা করেন। ওই এসআই রাজা জরিমানার ১০ হাজার টাকা নিজে নেয় এবং ১৫ হাজার প্রতিবন্ধী শাহ আলমকে দেয়। এসময় বাকী ৫ হাজার টাকা নিয়ে দিবে বলে বাদীকে হুমকি দিয়ে অভিযোগ তোলে নিতে বাধ্য করে ওই পুলিশ কর্মকর্তা। পরে জরিমানার ১৫ হাজার টাকা চাইলে এস আই রাজা, ভাড়া বাড়ির ম্যানেজার হাবিব ও আসামী ফারুক ওই বাদী প্রতিবন্ধীকে নানা রকম হুমকি দেয়।
তাদের ভয়ে ওই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছে ওই প্রতিবন্ধীকে। পরে প্রতিবন্ধী শাহ আলম তার এক স্বজনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা উত্তরা র্যাব-১ ও মানবাধিকার সংস্থার মহাপরিচালক বরাবর নিজের নিরাপত্তার জন্য আবেদন করেন। পরে এসআই রাজা মিয়া গত মঙ্গলবার ওই প্রতিবন্ধীকে আরো ৫ হাজার টাকা দিয়ে এসব অভিযোগ তোলে নিতে বলেন।
ওই প্রতিবন্ধী শাহ আলম শিবলু বলেন, আমি একজন প্রতিবন্ধী হওয়ায় সমাজ ও আইনের কাছে জঘন্যতম এ অপরাধের বিচার পেলাম না। হুমকির ভয়ে ওই বাড়ি ছেড়ে অন্যত্র বাসা ভাড়া নিয়েছি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার কিছু হলে দায়ী থাকবে এস আই রাজাসহ পুরো আইন ব্যবস্থা ও সমাজ ব্যবস্থা। তবে নিজের নিরাপত্তার জন্য এক স্বজনের মাধ্যমে বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। কিন্ত পৌছাইছে কিনা জানি না।
এব্যাপারে অভিযুক্ত কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজা মিয়া মুঠোফোনে জানান, প্রতিবন্ধী শাহ আলম শিবলু থানায় একটি অভিযোগ দিয়েছিলেন। পরে তিনি ওই অভিযোগটি প্রত্যাহার করে। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে আপনি কোথায় আছেন বলে ফোনটি কেটে দেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, আমি নতুন এসেছি। তাই এ বিষয়টি আমার জানা নেই। তবে ওই প্রতিবন্ধী এখন থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।