সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

কপ-৩১ সম্মেলন শুরু

কপ-৩১ সম্মেলন শুরু ছবি সংগৃহীত

একুশের কন্ঠ অনলাই ডেস্ক : জলবায়ু মোকাবিলায় ‘কথার চেয়ে কাজে’ জোর প্রতিশ্রুতি বাস্তবায়ন, জলবায়ু অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলায় কেবল প্রতিশ্রুতি ও আলোচনায় সীমাবদ্ধ না থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানের মধ্য দিয়ে তুরস্কের আন্টালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। এবারের সম্মেলনে আলোচনার পাশাপাশি গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন এবং তার সুফল মানুষের জীবনে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোমবার (৯ নভেম্বর) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কপ-৩১-এর প্রেসিডেন্ট মুরাত কুরুম। তিনি এবারের সম্মেলনকে ‘ইমপ্লিমেন্টেশন কপ’ বা বাস্তবায়নের সম্মেলন হিসেবে অভিহিত করেন। তার মতে, জলবায়ু মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে নেওয়া প্রতিশ্রুতিগুলোকে এবার বাস্তব কর্মকাণ্ডে রূপ দিতে হবে।
মুরাত কুরুম বলেন, জলবায়ু সংকটকে বিশ্বের অন্যান্য সংকট থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। যুদ্ধ ও সংঘাত, ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা, খাদ্যসংকট এবং প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে জলবায়ু পরিবর্তনের গভীর সম্পর্ক রয়েছে। একটি সংকট অন্য সংকটকে আরও তীব্র করে তুলছে।

তিনি বলেন, বিশ্বের কোনো একটি অঞ্চলের খরা অন্য অঞ্চলের মানুষের খাদ্যনিরাপত্তাকেও হুমকির মুখে ফেলতে পারে। বন্যা, পানির সংকট ও তীব্র তাপপ্রবাহের প্রভাব পড়ছে কৃষি উৎপাদন, খাদ্য সরবরাহ, অর্থনীতি, অভিবাসন এবং জনস্বাস্থ্যে।
উদ্বোধনী বক্তব্যে প্যারিস জলবায়ু চুক্তির আওতায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য পুনর্ব্যক্ত করেন কপ-৩১ প্রেসিডেন্ট। তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু কার্যক্রম পরিচালনায় ১ দশমিক ৫ ডিগ্রির লক্ষ্য এখনো প্রধান দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হওয়া উচিত।
জলবায়ু অর্থায়নে বড় অঙ্কের তাগিদ

সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। মুরাত কুরুম বলেন, ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোকে বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের যে লক্ষ্য বাকু সম্মেলনে নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে সব উৎস মিলিয়ে বার্ষিক জলবায়ু অর্থায়ন ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

তার বক্তব্য অনুযায়ী, জলবায়ু মোকাবিলায় শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না; প্রতিশ্রুতির সঙ্গে অর্থায়ন নিশ্চিত করতে হবে। সেই অর্থের যথাযথ বিনিয়োগের মাধ্যমে দৃশ্যমান ফলাফল অর্জন করতে হবে।
জ্বালানি খাতে পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বিদ্যুতায়ন, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ সংরক্ষণ, জ্বালানি সাশ্রয়, পরিচ্ছন্ন পরিবহন এবং পরিবেশবান্ধব শিল্পব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। এ সময় তুরস্কের ‘৩৫ বাই ৩৫’ বৈশ্বিক বিদ্যুতায়ন উদ্যোগের কথাও উল্লেখ করেন। এর লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করা।

সম্মেলনের প্রেসিডেন্ট অব নেগোসিয়েশনস ক্রিস বোয়েন বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার গুরুত্বপূর্ণ সময়ে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে কী অর্জন সম্ভব, তা দেখানোর সুযোগ তৈরি করেছে কপ-৩১।
তিনি মনে করেন, জলবায়ু প্রতিশ্রুতি ও বাস্তবায়নের মধ্যকার ব্যবধান কমাতে অর্থায়ন, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষম জনগোষ্ঠী গড়ে তোলার দিকে নজর দিতে হবে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিল বলেন, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি ও বাজারের অস্থিরতা বিশ্বের বিভিন্ন দেশের পরিবারগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। তবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে উল্লেখযোগ্য অর্থ সাশ্রয় করা সম্ভব।

তিনি জানান, চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার থেকে প্রায় ২৬৫ বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে।

প্রথম দিনের আলোচনায় খাদ্য, কৃষি ও স্বাস্থ্য
কপ-৩১ সম্মেলনের প্রথম দিনের আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে খাদ্য, কৃষি ও স্বাস্থ্য খাতকে। জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্যনিরাপত্তা, কৃষি উৎপাদন এবং জনস্বাস্থ্যের ওপর যে ঝুঁকি তৈরি হচ্ছে, তা মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ ও করণীয় নিয়ে আলোচনা চলছে।

জলবায়ুজনিত দুর্যোগ ও স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সম্মেলনে ‘আন্টালিয়া ইনিশিয়েটিভ ফর রেজিলিয়েন্ট হেলথ সিস্টেমস’ নামে একটি উদ্যোগ চালু করা হয়েছে। তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া নারী কৃষকদের জলবায়ু অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করতে উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি কৃষি, পানি ও খাদ্যব্যবস্থার টেকসই রূপান্তরে তরুণদের ভূমিকা নিয়েও পৃথক আলোচনা রয়েছে।

২০ নভেম্বর পর্যন্ত চলবে সম্মেলন
দুই সপ্তাহব্যাপী কপ-৩১ সম্মেলনের আনুষ্ঠানিক আলোচনা ও উচ্চপর্যায়ের বৈঠক ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। সম্মেলনের ব্লু জোনে অনুষ্ঠিত হচ্ছে মূল আলোচনা ও আনুষ্ঠানিক বৈঠক। অন্যদিকে গ্রিন জোনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, নাগরিক সমাজ এবং তরুণদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিভিন্ন সমাধান ও উদ্যোগ তুলে ধরা হচ্ছে।

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব যখন ক্রমেই তীব্র হচ্ছে, তখন কপ-৩১ সম্মেলনের সবচেয়ে বড় প্রত্যাশা আন্তর্জাতিক অঙ্গনে নেওয়া প্রতিশ্রুতিগুলো যেন কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তব পদক্ষেপে রূপ নেয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com