শনিবার, ২০ Jun ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

ওয়াসার পানির দাম বাড়ানো কেন অবৈধ নয়: হাইকোর্ট

আদালত প্রতিবেদক::

গত ১ এপ্রিল থেকে ঢাকা ওয়াসার পানির দাম বাড়ানো কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬-এর ২২(৩) ধারা অনুযায়ী পানির দাম বাড়িয়ে গত ২৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের জারি করা অফিস আদেশ কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬-এর ২২(৩) ধারাটি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, ঢাকা ওয়াসা, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে হবে।

গত ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া ২৫ শতাংশ বাড়ানো পানির ওই দামের ওপর নিষেধাজ্ঞা চেয়ে ভার্চুয়াল কোর্টে ১৫ জুন আবেদন করেন আইনজীবী মো. তানভীর আহমেদ।

তখন ভার্চুয়াল আদালত পানির দাম বাড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিলেও আপিল বিভাগের চেম্বার আদালত তা স্থগিত করেন। ওই রিট এখন তিনি নিয়মিত আদালতে উপস্থাপন করার পর এ রুল জারি করেন বলে জানান আইনজীবী তানভীর আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com