শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

ওবায়দুল কাদের ‘সুষ্ঠু ভোট কারচুপির’ আভাস দিয়েছেন- রিজভী

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, খুলনা ও গাজীপুরের মতো সামনের তিন সিটি নির্বাচনেও ‘সুষ্ঠু ভোট কারচুপির’ আভাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যের মধ্য দিয়ে সুষ্ঠু ভোট কারচুপির আভাস দিয়েছেন। কারণ, তিন সিটিতেই নৌকা মার্কার পক্ষে নির্বাচনী অনাচার আর ক্ষমতাসীনদের অবৈধ দাপট চলছে। গ্রেপ্তার ও গ্রেপ্তারের হুমকি, ভয়ভীতি প্রদর্শনের প্রকাশ্য-অপ্রকাশ্য মহড়া চলছে।

রিজভী আরও বলেন, তিন সিটিতেই সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নেই। নিরাপদে ভোট দিতে পারবে কি না, সেটি নিয়ে ভোটারদের মধ্যে এখনো শঙ্কা কাটেনি। নির্বাচন কমিশনের কাছে উল্লিখিত বিষয়ে ধানের শীষের প্রার্থীদের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হলেও সেগুলো আমলে নেওয়া হচ্ছে না।

খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন শারীরিকভাবে কতটুকু অসুস্থ, সে খবর জানতে দেওয়া হচ্ছে না। গত পরশু দিন পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে কারা কর্তৃপক্ষ জানায়, তিনি অসুস্থ। এরপরও পরিবারের সদস্যদের কারা ভবনের দ্বিতীয় তলায় গিয়ে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। কারা কর্তৃপক্ষ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে শুধু উদাসীনই নয়, সরকারের নির্দেশে কোনো ভয়ংকর মাস্টারপ্ল্যানের দিকে এগোচ্ছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। খালেদা জিয়াকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।

কোটা সংস্কার আন্দোলন বিষয়ে বিএনপি নেতা রিজভী বলেন, গতকালও কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। কোটা সংস্কারের দাবিতে এবং ছাত্রলীগের হামলার বিচারের দাবিতে মানববন্ধন শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ফেরার সময় ছাত্রলীগ ‘ধারালো অস্ত্র’ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। ছাত্রলীগ ক্যাম্পাসে আগ্রাসী ভূমিকায় নেমেছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব হাবিবুল ইসলাম হাবিব প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com