শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::
ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করবো। আমরা মাথানত করবো না।’
আজ বৃহস্পতিবার (১ নভেম্বর) মহানগর নাট্যমঞ্চে আয়োজিত গণঅনশনে তিনি এসব কথা বলেন।
এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা বৃদ্ধির প্রতিবাদে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালন করে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, ‘বন্ধুগণ আমরা মাথানত করবো না। আমরা নিজেদের অধিকারের আন্দোলন ও লড়াইয়ের মধ্য দিয়ে তা আদায় করবো। আমাদের বেঁচে থাকার অধিকার, ১৯৭১ সালের যে চেতনা নিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম সেই অধিকার আমরা প্রতিষ্ঠা করবোই করবো।’
রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘সরকারের নিয়ন্ত্রণে এখন বিচার ব্যবস্থা চলছে। তার প্রমাণ গত দুই দিনে খালেদা জিয়ার মামলার রায় হয়ে গেছে। সরকার প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। দেশের বিচার ও প্রশাসন ব্যবস্থাকেও তারা ধ্বংস করে দিয়েছে। আজকে দেশ আর গণতান্ত্রিক দেশ নেই, স্বৈরতান্ত্রিক দেশে পরিণত হয়েছে।’
গণতন্ত্রের সঙ্গে খালেদা জিয়া ওতপ্রতোভাবে জড়িয়ে আছেন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্র মানেই খালেদা জিয়া। তাই আজকে তার মুক্তির দাবিতে অনশন করছি। দেশনেত্রী খালেদা জিয়াকে যখন বলা হলো আপনার সাজা বৃদ্ধি পেয়েছে, তখন তিনি বলেছিলেন তারা যত সাজা দিতে চায় দিক, আমি মাথানত করবো না।’