শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অকল্পনীয় ব্যর্থতার পর মুষড়ে পড়া বিরোধী শিবিরে এখন লেজেগোবরে অবস্থা। হতাশা ভর করেছে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর মধ্যেও। সেই সঙ্গে নানা হিসাব-নিকাশ চুকাতে গিয়ে টানাপোড়েন শুরু হয়ে গেছে জাতীয় ঐক্যফ্রন্টের ভেতরে-বাইরে।
দূরত্ব সৃষ্টি হয়েছে বিএনপির সঙ্গে ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর। আরও সুনির্দিষ্ট করে বললে- ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের সঙ্গে ঐক্যফ্রন্টের প্রধান কাণ্ডারি বিএনপির সম্পর্ক এখন তলানিতে। মূলত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই দূরত্ব সৃষ্টি হলেও ভোটের পর গত কয়েক দিনে সেই সম্পর্কের চরম অবনতি হয়েছে। তারই বহির্প্রকাশ ঘটেছে গতকাল বৃহস্পতিবার ঐক্যফ্রন্টের বৈঠকে। সেখানে বিএনপির কোনো প্রতিনিধি-ই উপস্থিত ছিলেন না।
বেশ কয়েকটি কারণে এ টানাপড়েন সৃষ্টি হয়েছে। প্রথমত জামায়াত ইস্যু। দ্বিতীয়ত নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ নিয়ে বিএনপি ও গণফোরামের দ্বিমত। তৃতীয়ত নির্বাচন-পরবর্তী রাজনৈতিক কৌশল নির্ধারণ।
ঐক্যফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে আভাস পাওয়া গেছে, এ তিনটি কারণের মধ্যে মূলত জামায়াতে ইসলামীকে নিয়ে জোট বেঁধে পথচলা, না চলার ইস্যুতেই জোটে অচলাবস্থার সৃষ্টি। জামায়াত নিয়ে আলোচনার সূত্রপাত মূলত জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের একটি সাক্ষাৎকার ও একটি সংবাদ সম্মেলন কেন্দ্র করে।
ভারতের একটি বহুল প্রচারিত গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকার ও নির্বাচনোত্তর ঢাকায় একটি সংবাদ সম্মেলনে প্রবীণ এ আইনজীবী জামায়াত ইসলামীকে নিয়ে কথা বলেন। তার সাক্ষাৎকার ও সংবাদ সম্মেলনের মূল কথা ছিল- বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতকে নিজ দলীয় প্রতীক ধানের শীষ দিয়ে ভোট করার সুযোগ দেবে জানলে তিনি বিএনপির সঙ্গে ঐক্য করতেন না। তাদের (জাতীয় ঐক্যফ্রন্ট) সঙ্গে ঐক্য ধরে রাখতে হলে বিএনপিকে জামায়াত ছাড়তে হবে।
ড. কামালের এ বক্তব্যের পরই তোলপাড় শুরু হয় রাজনৈতিক অঙ্গনে। বিএনপির প্রতি চাপ সৃষ্টি হয় জামায়াত ছাড়ার। আবার জামায়াতের ওপর অভ্যন্তরীণ চাপ শুরু হয় যে, বিএনপি যদি জামায়াতকে বোঝা কিংবা দায় মনে করে, তবে তাদের সঙ্গে থাকার যুক্তি কি? এ নিয়ে বিএনপির রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার দাবি ওঠে সব মহলে। এ নিয়ে বিএনপি বিপাকে পড়ে যায়।
বিএনপি নেতারা মনে করেন, ড. কামাল হোসেন জামায়াত শর্তটি এ মুহূর্তে না দিলেও পারতেন। এ ইস্যুটি তুলে বিএনপিকে বেকায়দায় ফেলে দেয়ার পাশাপাশি প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির হাতে ইস্যু তুলে দেয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জোটের একাধিক নেতা বলেন, মূলত জামায়াতে ইসলামীকে নিয়ে একসঙ্গে পথ চলতে জোটের শীর্ষ নেতা ড. কামাল হোসেন আপত্তি জানানোর পর থেকেই জাতীয় ঐক্যফ্রন্টের অভ্যন্তরে এ টানাপড়েনের সূত্রপাত। সম্প্রতি গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক শেষে দলটির সভাপতি ড. কামাল হোসেন বলেন, ‘তড়িঘড়ি করে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করতে গিয়ে কিছু ভুল হয়েছে। জোট টিকিয়ে রাখতে হলে এখন সময় এসেছে এ ভুল সংশোধন করার।’
বিএনপি মনে করছে, জামায়াত ছাড়ার শর্তজুড়ে দিয়ে ড. কামাল বিএনপিকে চরম দুঃসময়ে আরও বিপাকে ফেলেছেন। তিনি এ মুহূর্তে ইস্যুটি সামনে না আনলেও পারতেন। যেমনটি প্রকাশ পেয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্যে। তিনি বলেন, ড. কামাল হোসেনের জামায়াতের সঙ্গে রাজনীতি না করার প্রস্তাবকে আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।
একই সঙ্গে তার কাছে আমাদের দাবি, তিনি (ড. কামাল) যেন আওয়ামী লীগের কাছে আহ্বান জানান- যেসব জামায়াত নেতাকে আওয়ামী লীগ ফুল দিয়ে বরণ করে নিয়েছে, যাদের ইউনিয়ন, উপজেলা পর্যায়ে চেয়ারম্যান, মন্ত্রী-এমপি বানিয়েছে, তাদের যেন বাদ দেয়া হয়। তাতে জনগণ খুশি হবে। তিনি বলেন, জামায়াতের নিবন্ধন নির্বাচন কমিশন দিয়েছে। হাইকোর্টেরও একটি রায় আছে।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এহসানুল মাহবুব জোবায়ের বলেন, নির্বাচন ও রাজনীতির জন্য জোট হয়েছে। আমরা তো জোটে আছি।
ভেঙে দেয়ার বিষয়ে পরবর্তী কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই জোট অব্যাহত থাকবে। তিনি বলেন, এই জোটের প্রধান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে আমাদের নেতারা আলোচনা করেই জোটটি করেছিলেন। তাই শীর্ষ নেতারা কোনো সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত জোট থাকবে।
সূত্র জানায়, জামায়াতে ইসলামীকে নিয়ে পরস্পরবিরোধী এ অবস্থান প্রকাশ হওয়ার পর অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে অনুপস্থিত ছিলেন বিএনপি নেতারা। জোটের একাধিক নেতা জানান, বুধবার ড. কামাল হোসেনের চেম্বারে বিকাল ৪টায় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিএনপি নেতাদের অনুরোধে এটি একদিন পিছিয়ে একই জায়গায় বৃহস্পতিবার বিকাল ৪টায় নির্ধারণ করা হয়। কিন্তু শেষ পর্যন্ত দলটির কাউকেই দেখা যায়নি বৃহস্পতিবারের বৈঠকে। পরবর্তী বৈঠকগুলোয়ও বিএনপি আর অংশ নেবে কিনা, তা-ও এখন অনিশ্চিত।
সূত্র জানায়, বিএনপির নেতাদের জন্য অপেক্ষা করে বৈঠক এক ঘণ্টা দেরিতে শুরু করা হয়। ড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু, সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার প্রমুখ অংশ নেন।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন, জামায়াত ইস্যুতে ঐক্যফ্রন্টে কোনো ফাটল ধরার সুযোগ নেই। এ জোট অটুট থাকবে। কারণ আমরা অভিন্ন দাবিতে একসঙ্গে আন্দোলন করছি। জামায়াত নিয়ে গণফোরামের সভাপতি হিসেবে ড. কামাল হোসেন বক্তব্য দিয়েছেন। তা ঐক্যফ্রন্টের বক্তব্য নয় বলেও জানান বিএনপি মহাসচিব।
গত বছরের ১৩ অক্টোবর গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে ৭ দফা দাবি ও ১১ দফা লক্ষ্য নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের যাত্রা শুরু হয়। বিএনপি, জেএসডি, নাগরিক ঐক্য ও জাতীয় ঐক্যপ্রক্রিয়া শুরুতে সঙ্গী হলেও পরে এতে শামিল হয় কৃষক শ্রমিক জনতা লীগ। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একসঙ্গে অংশ নেয় এ জোট। ছয়টিতে জয় পায় বিএনপি। অন্যদিকে দুটি আসন পায় গণফোরাম। যদিও নির্বাচনে কারচুপির অভিযোগ এনে এবং পুনর্নির্বাচনের দাবিতে এখনও তারা শপথ নেননি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাদে জোটের শীর্ষ নেতাদের সবাই এ নির্বাচনে পরাজিত হন।