বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

এশিয়ান গেমস শুরুর আগেই বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া

স্পোর্টস ডেস্ক:: এশিয়ান গেমসের এবারের আসরের আয়োজক দেশ জাপান। জাপানের আইচি-নাগোয়াতে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। প্রতিযোগিতা শুরুর মাত্র ১০ দিন আগে রেকর্ড বৃষ্টিতে বন্যার কবলে পড়েছে জাপান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্য জাপানের এই শহরের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিতে বহু রাস্তা এবং বাড়ি পানিতে ডুবে গেছে। যে কারণে যানবাহন চলাচল করতে পারছে না। প্রায় ৩,৫০০ মানুষকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

নাগোয়ার মেয়র ইচিরো হিরোসাওয়া জানান, ইতিমধ্যেই শহরে পৌঁছে গিয়েছে ৪০০জন ক্রীড়াবিদ এবং কর্মী। নিরাপত্তার কারণে সাময়িকভাবে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদের। প্লাবিত হয়েছে রাস্তাঘাট এবং মেট্রো স্টেশন।

সংবাদসংস্থা এপি জানিয়েছে, কয়েকটি জায়গায় ছাদ চুঁইয়ে পানি পড়ার ঘটনাও ঘটেছে। তবে হিরোসাওয়া জানিয়েছেন, এশিয়ান গেমসের কয়েক ডজন ভেন্যুতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

সাংবাদিকদের তিনি জানান, ভেন্যুগুলির পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন নন। দাবি করেন, নির্ধারিত সূচি অনুযায়ী এশিয়ান গেমস আয়োজনে কোনও সমস্যা হবে না। এক কর্মী গত রাতের পরিস্থিতির ভিডিও শেয়ার করেছেন। নিরাপত্তার কারণে সব মেট্রো লাইন বন্ধ করে কর্মীদের আগেভাগেই বাড়ি পাঠানো হয়েছিল। বুধবার সকালে পরিস্থিতি অনেকটাই শান্ত থাকলেও, আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com