বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক:: এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেজা মাঠের কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে ম্যাচ না খেলেই র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধায় সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

জাপানের নাগোয়ায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ও চীনের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচ শুরুর সূচি থাকলেও মাঠ খেলার উপযোগী না থাকায় টসও অনুষ্ঠিত হয়নি।

নাগোয়ায় বৃহস্পতিবার সকালে নতুন করে বৃষ্টি না হলেও গত কয়েক দিনের টানা বর্ষণে মাঠের বিভিন্ন অংশ ভেজা ছিল। পরিস্থিতি যাচাই করতে আম্পায়াররা কয়েক দফায় মাঠ পরিদর্শন করেন। দীর্ঘ সময় অপেক্ষা এবং মাঠ প্রস্তুতের চেষ্টা করেও খেলা আয়োজনের মতো পরিস্থিতি তৈরি না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।

এশিয়ান গেমসের ক্রিকেটের নির্ধারিত নিয়ম অনুযায়ী, ম্যাচ পরিত্যক্ত হলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ দেওয়া হয়। সেই নিয়মেই চীনের বিপক্ষে মাঠে না নেমেও সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।

এর আগে ২০২২ সালের হাংজু এশিয়ান গেমসেও প্রতিকূল আবহাওয়া ও মাঠের কারণে ম্যাচের ফল নির্ধারণে একই ধরনের নিয়ম অনুসরণ করা হয়েছিল।

এদিকে বৃহস্পতিবার এশিয়ান গেমসে বাংলাদেশের নারী ফুটবল দলেরও ম্যাচ রয়েছে। ওসাকায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে সাবিনা খাতুনের দল। বাংলাদেশ সময় দুপুর ১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ সেপ্টেম্বর হলেও ক্রিকেটের লড়াই শুরু হয়েছে ১৭ সেপ্টেম্বর থেকেই। নাগোয়ায় সেপ্টেম্বর মাসে বৃষ্টির প্রবণতা বেশি থাকায় ক্রিকেট ম্যাচগুলোতে আবহাওয়ার প্রভাব পড়ার আশঙ্কা আগে থেকেই ছিল। বৃষ্টির কারণে বাংলাদেশ নারী ক্রিকেট দলও ম্যাচের আগে পূর্ণাঙ্গ অনুশীলনের সুযোগ পায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com