রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

এশিয়ান গমসে হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক:: এশিয়ান গেমসের পুরুষ হকিতে দক্ষিণ কোরিয়া ও জাপানের কাছে বড় ব্যবধানে হারের পর শ্রীলঙ্কাকে উড়িয়ে প্রথম জয়ের দেখা পেয়েছিল লাল-সবুজের দল। এবার সেই ধারায় যোগ হলো আরও একটি জয়। ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে পুল ‘এ’-তে নিজেদের অবস্থান শক্ত করেছে বাংলাদেশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জাপানের কাউয়াসাকি জুকু স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে বাংলাদেশ। ১১ মিনিটেই আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় তারা। প্রথম কোয়ার্টারে পাওয়া সেই লিড দ্বিতীয় কোয়ার্টারেও ধরে রাখে বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে অবশ্য ব্যবধান বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে লাল-সবুজের প্রতিনিধিরা। ৩১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে বাংলাদেশের ব্যবধান ২-০ করেন আমিরুল। এর মাত্র পাঁচ মিনিট পর রাসেল মাহমুদ জিমির গোলে ৩-০ লিড পায় বাংলাদেশ।

শেষ কোয়ার্টারে একটি গোল শোধ করে ইন্দোনেশিয়া। পেনাল্টি কর্নার থেকে আওউলিয়া আল আরদের গোল ব্যবধান কমালেও বাংলাদেশের জয় আটকানোর জন্য তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ানোর শুরু। ইন্দোনেশিয়ার বিপক্ষে টানা দ্বিতীয় জয় দিয়ে সেই প্রত্যাবর্তন আরও জোরালো হলো।

চার ম্যাচে দুই জয় ও দুই হার নিয়ে বাংলাদেশের পয়েন্ট ৬। পুল ‘এ’-তে শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত। ম্যাচটি হবে ২৮ সেপ্টেম্বর।

তবে ভারতের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে বাংলাদেশের জন্য বড় পরীক্ষা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সেই ম্যাচে জয় কিংবা কাঙ্ক্ষিত ফল পেলে পরের ধাপে যাওয়ার লড়াইয়ে আরও ভালো অবস্থানে থাকবে লাল-সবুজের দল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com