শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : আইপিএলের সঙ্গে বলিউডের অবিচ্ছেদ্য সম্পর্ক। বলিউড সুপারস্টার শাহরুখ খান ও জুহি চাওলার রয়েছে কলকাতার ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে পঞ্জাব দলের মালকিন প্রীতি জিন্টা। আইপিএলে তাঁর টিম পঞ্জাব কিংস। এবার শোনা যাচ্ছে যে, বলিউডের হেভিওয়েট কাপল দীপিকা পাডুকোন ও রণবীর সিং নাকি আইপিএলে দল কিনতে ইচ্ছুক। এমনটাই সূত্রের খবর
আগামী বছর থেকে ৮ দলের বদলে হবে ১০ দলের আইপিএল। ২৫ অক্টোবর এক জোড়া ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করবে বিসিসিআই। অর্থাৎ টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পরের দিনই জানা যাবে আইপিএলের নতুন দুই দল হতে চলেছে কারা। আগে জানা গিয়েছিল যে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবারও নাকি আইপিএলে দল কিনতে ইচ্ছা প্রকাশ করেছে। কিন্তু বিসিসিআই চায় না যে, কোনও বিদেশি প্রতিষ্ঠান আইপিএলে দল নিক।
জানা গিয়েছে নতুন দল নামাতে ইচ্ছাপ্রকাশ করেছে আদানি গোষ্ঠী, কলকাতার উদ্যোগপতি সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানি আরপিএসজি গোষ্ঠী, হায়দরাবাদের অরবিন্দ ফার্মা লিমিটেড এবং গুজরাটের টরেন্ট গোষ্ঠী, হিন্দুস্তান টাইমস মিডিয়া ও জিন্দাল স্টিল। তবে খবর, আদানি ও গোয়েঙ্কাই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে। তবে দীপিকা বা রণবীর কেউই নিজে মুখে কোনও বিবৃতি দেননি দল কেনার ব্যাপারে। বিসিসিআই আগেই বলে দিয়েছিল নতুন দলের ন্যুনতম দর রাখা হয়েছে ২০০০ কোটি টাকা। পঞ্জাব কিংসের সহ-মালিক নেস ওয়াদিয়া জানিয়েছেন যে, নতুন আইপিএল দলগুলির দাম বেসপ্রাইজের চেয়ে ৫০-৭৫ শতাংশ বাড়বে। দেখতে গেলে দলগুলির দাম হবে কম করে ৩০০০ থেকে ৩৫০০ কোটি টাকা।