শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

উন্নয়নের কাজ তৃণমূলে পৌঁছে দিতে উত্তরাঞ্চলে আ.লীগের সফর: কাদের

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বর্তমান সরকারের উন্নয়নের কাজ তৃণমূলে পৌঁছে দিতে এবং দলকে শক্তিশালী করতেই উত্তরাঞ্চলে আওয়ামী লীগের সংগঠনিক সফর। এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (৮ সেপ্টেম্বর) শনিবার সকাল ৮টায় কমলাপুর রেলস্টেশন ‘নীলসাগর’ এক্সপ্রেসে ১০ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের প্রতিনিধি দলের ট্রেন সফর করার আগে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশব্যাপি দলকে শক্তিশালী করতে ভবিষ্যতে নৌ ও সড়ক পথেও সফর করা হবে। তৃণমূলের মানুষ যাতে বিএনপি-জামায়তের গুজবের রাজনীতির বিষয়ে সচেতন থাকে সে বিষয়ে দলের এই সাংগঠনিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা থেকে যাত্রা শুরু করে ট্রেনটি নীলফামারী গিয়ে থামবে। যাত্রা পথে ট্রেনটির ৮টি স্টপেজে যাত্রাবিরতীর জায়গাগুলোতে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ নেতারা। ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ট্রেন ‘নীলসাগর’ এক্সপ্রেসে যাচ্ছেন আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা ও গণমাধ্যমকর্মী।

যাত্রাপথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও নীলফামারী জেলার অন্তর্ভুক্ত রেলস্টেশনগুলোতে ১০টি পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। সূত্র : যমুনা টেলিভিশন

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com