বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার,ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম॥ ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। গত সোমবার সকাল থেকেই শুরু হয় ঢাকায় ফেরার যাত্রা। তবে এবারের ঈদযাত্রায় ঘরমুখো মানুষরা ভোগান্তির শিকার হলেও ফেরার পথে মিলেছে স্বস্তি। অনেকেই বলছেন-ঈদে বাড়ি যাওয়া মানুষের অনেকেই ঈদের ছুটির সঙ্গে বাড়তি ছুটি নিয়েছেন। কেউ কেউ আগামী সপ্তাহে অফিস কিংবা কর্মস্থলে যোগ দিবেন। এতে শুক্র ও শনিবার সবচেয়ে বেশি মানুষ ঢাকায় ফিরবেন। তখন উপচে পড়া ভিড় হবে। ভোগান্তি এড়াতে এ জন্য আগেভাগেই ঢাকায় ফিরছেন অনেকে। তবে সড়কে কোনো যানজট সৃষ্টি না হওয়ায় নির্বিঘ্নেই ফিরতে পারছেন সাধারণ মানুষ। গতকালও কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চঘাট এবং মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালে ঢাকা ফেরা মানুষের ঢল নামে।
সকাল থেকে দূরপাল্লার ট্রেন, বাস ও লঞ্চ ভরপুর যাত্রী টার্মিনালে আসতে থাকে।গণপরিবহনের চেয়ে ট্রেন ও লঞ্চে যাত্রীর সংখ্যা বেশি। গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে মঙ্গলবার রাতে ছেড়ে আসা বাসগুলো নির্ধারিত সময়ের মধ্যে ঢাকায় পৌঁছে গেছে। প্রতি মুহূর্তেই একের পর এক আসছে বাস। টার্মিনাল থেকে নির্বিঘ্নে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাচ্ছেন তারা। যাত্রীরা বলছেন-ফেরিপথে কিছুটা যানজট থাকলেও সড়কপথে যানজটের কবলে পড়তে হয়নি। বিগত বছরগুলোর তুলনায় এবারের চিত্র ছিল পুরোই উল্টো। তবে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছেন অনেকেই। বাড়তি ভাড়া আদায় করেছেন লঞ্চ মালিকরাও। তবে লঞ্চের এই সময়ে যাত্রীদের উপস্থিতি আগের চেয়ে কমেছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বৃহস্পতি-শুক্রবারে সড়ক, রেল ও নৌপথে যাত্রীর চাপ ধীরে ধীরে বাড়তে থাকবে। শনিবারের পরে মূলত ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া চাপ তৈরি হতে পারে। পদ্মা সেতু চালু হওয়ায় লঞ্চে যাতায়াত না করে অনেকে সড়কপথে ঢাকায় ফিরছেন। লঞ্চকর্মীরা বলছেন, যাত্রী সংখ্যা কম থাকলেও শুক্র-শনিবার বাড়বে। গত কয়েকদিনে যাতায়াতকারীদের মধ্যে নারী-শিশু ও বয়স্ক যাত্রীদের সংখ্যাটা বেশি।
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের কর্মকর্তারা বলছেন, বুধবার সকাল থেকে যেসব ট্রেন রাজধানীতে ফিরেছে, সেগুলো যাত্রীতে পূর্ণ ছিল। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালের পরিবহন কর্মীরা জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা কোনো বাসের আসন ফাঁকা আসেনি। যাত্রীদের ক্ষেত্রে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষণীয়। সাতক্ষীরা থেকে আসা আসলাম উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে বাসে উঠেছি, সকাল সাড়ে ৭টায় গাবতলী পৌঁছে গেছি। ফেরিতে উঠতে যতটুকু সময় লেগেছে। এ ছাড়া পুরো রাস্তা ছিল ফাঁকা। কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। ফলে নিরাপদে ভোগান্তি, কষ্ট ছাড়াই ঢাকায় ফিরতে পেরেছি। খুলনা থেকে আসা নওশাদ নামের এক যাত্রী বলেন, বাড়তি ছুটি পাইনি। এ জন্য আগেই ঢাকায় চলে এসেছি। এই প্রথমবার কোনো রকম ভোগান্তি ছাড়াই ফিরতে পেরেছি।