শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

ইসির নির্দেশেই বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন: রিজভী

নিজস্ব প্রতিবেদক::

নির্বাচন কমিশনের নির্দেশেই বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, কিছু কিছু জেলার পুলিশ সুপার থানার ওসিকে ডেকে নিয়ে সভা করে তাদের সরকারের পক্ষে কাজ করার চাপ দিচ্ছেন এবং বিএনপি নেতাকর্মীদের হয়রানির বিষয়ে ব্রিফ করছেন বলে খবর পেয়েছি। তারা বলছেন এসিআর আমাদের হাতে, নির্বাচনের রেজাল্ট আমাদের হাতে দেবেন, এসিআর নিয়ে যাবেন।

তিনি বলেন, রোববার যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় বিএনপির উঠান বৈঠকে পুলিশ তাণ্ডব চালিয়েছে। এ সময় কোনো কারণ ছাড়াই পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে রুহুল কবির রিজভী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনারের ভাগ্নে (আপন বোনের ছেলে) এস এম শাহজাদা সাজু। আমরা জোর দাবি জানাচ্ছি যে, ভাগ্নে সাজুর মনোনয়নের পরিপ্রেক্ষিতে সিইসি উচ্চ নৈতিক মান প্রদর্শন করে অবিলম্বে স্বীয় পদ থেকে সরে দাঁড়াবেন। সিইসিকে ক্ষমতাসীনদের পক্ষে কাজে লাগানোর জন্যই তার ভাগ্নেকে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com