শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

ইশতেহার তৈরি করতে বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক::

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহারের ড্রাফ্ট তৈরি করতে বৈঠকে বসেছে ড. কামালের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরীর ধানমণ্ডির অফিসে ঐক্যফ্রন্টের ইশতেহার কমিটির বৈঠক শুরু হয়।

বৈঠকের আগে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা আজকে ইশতেহার তৈরি করার জন্য বৈঠকে বসেছি। প্রথমে ড্রাফ্ট তৈরি করব। পরে এটা ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে পাস হবে। বৈঠক শেষ হতে ৩ ঘণ্টা সময় লাগবে বলেও জানান তিনি।

ইশতেহার তৈরির বিষয়ে তিনি বলেন, আমার চিন্তা আছে- মূল বিষয় থাকবে জাতীয় ঐক্য, বিভক্তি আর নয়, কথা বলার অধিকার, গণমাধ্যমের অধিকার, আইনের সংস্কার, দেশের মেরামত দরকার। এগুলো চিন্তার মধ্যে আছে। দেখা যাক কী হয়।

ড. জাফরুল্লাহ জানান, ১১ দফার ভিত্তিতে ইশতেহার করা হবে। তবে এটা আরো বিস্তৃত হবে। আগামী ১ সপ্তাহের মধ্যে ইশতেহার ছাপানো হবে বলেও জানান তিনি।

বৈঠকে উপস্থিত আছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, ইকবাল সিদ্দিকী, ডা. জাহেদুর রহমান, শফিকউল্লাহ প্রমুখ।

জানা গেছে, ইশতেহার প্রস্তুত করার জন্য একটি কমিটি গঠন করেছে ঐক্যফ্রন্ট। এই কমিটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০ রূপকল্প সামনে রেখে আগামী নির্বাচনী ইশতেহার তৈরি করবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com