শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: জাতীয় পার্টি (জাপা) আর গৃহপালিত বিরোধী দল হতে চায় না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের এক যৌথ সভায় তিনি একথা জানান।
এরশাদ বলেন, আমরা আর গৃহপালিত বিরোধী দল হতে চাই না। দেশবাসীর ভালোবাসায়, নেতা-কর্মীদের শক্তি নিয়ে ক্ষমতায় যেতে চাই। এ জন্য আমরা প্রস্তুত।
এসময় সভায় আগামী ৬ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার সিদ্ধান্ত হয়। এজন্য সব ধরনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
এরশাদ বলেন, দেশে গুম, খুন, ধর্ষণ, লুটপাট, দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অশান্তি থেকে মুক্তি পেতে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে।
তৃণমূল নেতাদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের কাছে আমার একটাই চাওয়া- পার্টিকে ক্ষমতায় নাও। নিজেদের মধ্যে ঐক্য জোরালো করে মানুষের কাছে ছুটে যাও। আমাদের শাসন আমলের কথা সবার কাছে পৌঁছে দাও।
এসময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশীদ, এস এম ফয়সাল চিশতি, সুনীল শুভ রায় প্রমুখ।