বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

আদালত অবমাননা মামলা: বিএনপিপন্থী ৭ আইনজীবী নেতার শুনানি ২৯ জানুয়ারি

আদালত প্রতিবেদক:: সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীসহ বিএনপিপন্থী সাত আইনজীবী নেতার আদালত অবমাননা মামলার শুনানি আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

সোমবার (১৫ জানুয়ারী) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

এদিন সকাল ৯টায় বিএনপিপন্থী সাত আইনজীবী আপিল বিভাগে হাজির হন। তবে এই মামলা শুনানির জন্য প্রয়োজনীয় সংখ্যক বিচারপতি না থাকায় আদালত শুনানি মুলতবি করেন।

এ বিষয়ে বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিচারপতি মহাদয়দের এখতিয়ার আছে যেকোনো আইনজীবীকে ডাকার। সেই এখতিয়ার বলে আমাদের ডেকেছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আছি এবং থাকব। যেকারণে আমরা আজ যথারিতি ৯টা মধ্যে আদালতে উপস্থিত হয়েছি।

এর আগে গত ১৫ নভেম্বর আপিল বিভাগের দু’জন বিচারপতি সম্পর্কে এক সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্য নিয়ে আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে ব্যাখ্যা করতে বিএনপিপন্থী সাত আইনজীবীকে তলব করেন আপিল বিভাগ। ১৫ জানুয়ারি সোমবার সকাল ৯টায় আপিল বিভাগে (১ নম্বর কোর্টে) তাদের হাজির হতে বলা হয়েছে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ গত ১৫ নভেম্বর এ আদেশ দেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি মো: আশফাকুল ইসলাম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন।

বিএনপিপন্থী সাত আইনজীবী হলেন- সাবেক অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।

গত ২৯ আগস্ট আইনজীবী মো: নাজমুল হুদা বিএনপিপন্থী এই সাতজন আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনটি করেন। আবেদনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ২৭ আগস্ট সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের কয়েকটি লাইন উদ্ধৃত করা হয়। বিচারপতিদের নিয়ে ব্যানার-লিফলেটসহ বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল, অবস্থানের ছবিও আবেদনে যুক্ত করা হয়।

এরপর ৩০ আগস্ট আবেদনটি আপিল বিভাগে শুনানির জন্য ওঠে। সেদিন আপিল বিভাগ আদালত প্রাঙ্গণে সমাবেশ, মিছিল, র‌্যালি, মানববন্ধন ও ধর্মঘট না করতে হাইকোর্টের ২০০৫ সালের ২৩ মে দেয়া আদেশ কঠোরভাবে মেনে চলতে সবাইকে নির্দেশ দেন। একই সাথে আদালত অবমাননার আবেদনটি শুনানির জন্য গত ১৯ অক্টোবর তারিখ ধার্য করেন আপিল বিভাগ। সেদিন আপিল বিভাগ ১৫ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন। এরপর ১৫ নভেম্বর আপিল বিভাগ বিএনপিপন্থী শীর্ষ সাত আইনজীবীকে তলব করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। অন্যদিকে বিএনপিপন্থী সাত আইনজীবীর পক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট বার এডহক কমিটির আহ্বায়ক মহসিন রশিদ প্রমুখ।

এ বিষয়ে অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি বলেন, আগামী ১৫ জানুয়ারি সাতজন কনটেমনারকে আদালতে হাজির থাকতে বলেছেন। একইসাথে তাদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন। এ ছাড়া আদালত অঙ্গনে কোনো ধরনের মিছিল সমাবেশ না করার বিষয়ে হাইকোর্টের রায় কঠোরভাবে অনুসরণ করতে বলেছেন আপিল বিভাগ।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট এক সংবাদ সম্মেলনে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে নিজেদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে বক্তব্য দেয়ায় আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো: আবু জাফর সিদ্দিকীর পদত্যাগের ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এ দাবি জানান।

২৭ আগস্ট সংবাদ সম্মেলনে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গত ১৫ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আয়োজিত এক শোক সভায় প্রদত্ত আপিল বিভাগের দু’জন বিচারপতির বক্তব্যের পরিপ্রেক্ষিতে গত ১৭ আগস্ট এক সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বঘোষিত ‘শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারপতিরাকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। কারণ তাদের বক্তব্যের মাধ্যমে তারা বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের অধিকার হারিয়েছেন বলে দেশের সচেতন মহল মনে করেন। আমাদের প্রত্যাশা ছিল, আপিল বিভাগের ওই দু’জন বিচারপতি আমাদের অনুরোধে সাড়া দিয়ে এবং দেশের সর্বোচ্চ আদালতের সম্মান অক্ষুণ্ণ রাখার স্বার্থে পদত্যাগ করবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com