বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা ॥
ইরান যুদ্ধসংক্রান্ত সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে আবারও মার্কিন গণমাধ্যমের ওপর তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্র্যাট নেতাদেরও কড়া সমালোচনা করেছেন তিনি। নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, মার্কিন মিডিয়া ও ডেমোক্র্যাটরা পুরোপুরি পাগল হয়ে গেছে এবং তারা নিজেদের পথ হারিয়ে ফেলেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ট্রাম্প তাঁর পোস্টে বিশেষভাবে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল এবং সিএনএনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে চরম পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। তাঁর দাবি, এই মূলধারার গণমাধ্যমগুলো প্রকৃত পরিস্থিতিকে বিকৃতভাবে উপস্থাপন করছে এবং একপেশেভাবে ইরানকে সমর্থন দিয়ে সংবাদ প্রকাশ করছে।
আসন্ন মার্কিন নির্বাচনকে সামনে রেখে বর্তমানে যুক্তরাষ্ট্রে ইরান ইস্যু এবং মধ্যপ্রাচ্য নীতি নিয়ে রাজনৈতিক পারদ ক্রমেই চড়ছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গণমাধ্যমের ভূমিকা নিয়ে ট্রাম্পের এমন আক্রমণাত্মক মন্তব্য নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।
সূত্র: আল জাজিরা