শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
নেতাদের মুখোমুখি অবস্থানে ‘অস্থিরতা’র মধ্যেই মঙ্গলবার দুপুরে দেশে ফিরছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন। চিকিৎসা ও ব্যক্তিগত কিছু কাজ সেরে প্রায় এক সপ্তাহের সফর শেষে সিঙ্গাপুর থেকে তিনি দেশে আসছেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুর থেকে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফিরবেন ড. কামাল হোসেন।
জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বে নিয়োজিত জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘মেডিকেল চেকআপ করাতে ড. কামাল সস্ত্রীক সিঙ্গাপুরে গিয়েছিলেন। দুপুর সাড়ে ১২টায় থাই এয়ার লাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরছেন তিনি।’
প্রসঙ্গত, সংসদ সদস্য হিসেবে দুই নেতার শপথ নেয়ার সিদ্ধান্তে গণফোরামে চলছে অস্থিরতা। একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী দুই নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান বলছেন, তারা শপথ নেয়ার বিষয়ে ইতিবাচক। যে কোনো সময়ে শপথ নিবেন।
তবে, তাদের দল গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু সাফ জানিয়ে দিয়েছেন, তারা আগের সিদ্ধান্তেই বহাল রয়েছেন। ঐক্যফ্রন্টের কোনো প্রার্থী শপথ নিবেন না।