শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা, তা নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই।’-কাদের

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির নির্বাচনে আসার পথে আওয়ামী লীগ বাঁধা নয়। আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা, তা নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই।’ আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। ওয়ান ইলেভেনের কুশীলবদের নিয়ে বিএনপি সক্রিয়- এমন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, থাইল্যান্ডের বৈঠক। আরও অনেক জায়গায় তারা (বিএনপি) ঘুরে বেড়াচ্ছে। ঢাকাতেও এখানে-ওখানে গভীর রাতে বৈঠক চলছে। তারা মনে করছে, আমরা জানি না।
সব খবরই জানা আছে। এবার কোনও ষড়যন্ত্র টিকবে না। দেশের জনগণ প্রতিহত করবে। তিনি আরো বলেন, ‘বিএনপির নেতারা নির্বাচনি এলাকায় না গিয়ে বিদেশে গিয়ে ধর্ণা দিচ্ছে। নালিশ করছে, কূটনীতিকদের কাছে যাচ্ছে। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াপনা।’ এর আগে যৌথসভায় সভাপতিত্ব করেন ওবায়দুল কাদের। এ সময় আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কৃষি সম্পাদক ফরিদুর নাহার লাইলী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, দলের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com