শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

আওয়ামী লীগ দেশে অরাজকতা করছে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি:: কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, দেশে দুর্নীতি চলছে। ব্যাংকের টাকা লুটপাট হচ্ছে। সোনা তামা হচ্ছে। কয়লার খনি চুরির খনিতে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশে অরাজকতা কায়েম করছে। দেশের মানুষ এখন শান্তিতে নেই। এভাবে দেশ চলতে পারে না। দেশের শান্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই।

আজ বুধবার দুপুরে শহরের গোডাউন রোড এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানী বলেন, অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। এই সংসদ ভেঙে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অনির্বাচিত-দখলদারিত্বের সংসদ বিএনপি কখনও মেনে নেয়নি, ভবিষ্যতেও মেনে নেবে না। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। তা না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে খালেদা জিয়ার মুক্তি সময়ের দাবি বলে উল্লেখ করেন তিনি।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপনের সভাপতিত্বে ওই সভায় আরও বক্তব্য দেন- লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন, সাধারণ সম্পাদক প্রফেসর নিজামউদ্দিন, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ ফখরুল আলম নাহিদ, পৌর যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আবু সায়েম মোহাম্মদ শাহীন, সালমান হায়দার রাশেদ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুজ্জামান শরীফ ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম মামুন প্রমুখ।

সমাবেশ শেষে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের বাধায় তা ছত্রভঙ্গ হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com