শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

আওয়ামী লীগে গৃহদাহ, তিন মোস্তফার লড়াই বিএনপিতে

চট্টগ্রাম প্রতিনিধি:: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের মতো দ্বীপাঞ্চল সন্দ্বীপের রাজনৈতিক ময়দানও সরগরম হয়ে উঠেছে। প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপের পাশাপাশি মনোনয়নকে ঘিরে দুই দলে অন্তঃকোন্দল মাথাচাড়া দিয়ে উঠেছে।

সন্দ্বীপের বর্তমান সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান পক্ষের দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীর বেশির ভাগই এলাকায় সক্রিয় নয়। কিন্তু তাদের অনুসারীদের দ্বন্দ্বও দৃশ্যমান। এই দ্বন্দ্বের প্রেক্ষাপটেই দল দুটির সম্ভাব্য প্রার্থীরা ‘মনোনয়ন যুদ্ধের’ দিকে এগিয়ে যাচ্ছেন।

বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনা মোহনায় জেগে ওঠা দ্বীপটির একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে চট্টগ্রাম-৩ সংসদীয় আসন। বর্তমানে প্রায় পৌনে চার লাখ মানুষের বসবাস এই দ্বীপে। এই আসনে মোট ভোটার দুই লাখ তিন হাজার ২৮৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮৫৮, নারী ভোটার এক লাখ দুই হাজার ৪২৭ জন।

আওয়ামী লীগ: বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এখানে সংসদ সদস্য নির্বাচিত হন দলের সাবেক সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানের ছেলে রূপালী লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান মাহফুজুর রহমান মিতা। এবারও তিনি মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। কৃষক লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় কমিটিগুলো প্রায়ই তাঁর অনুগতদের নিয়ে গঠিত।

মাহফুজুর রহমান মিতার সময়ে রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন ছাড়াও সাবমেরিন কেবলের মাধ্যমে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন কাজ হয়েছে। তবে বিভিন্ন কারণে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধিরা এখন মিতার সঙ্গে নেই।

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর তালিকায় আরো রয়েছেন পর পর দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান ওরফে মাস্টার শাহজাহান। দীর্ঘদিনের আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির কাণ্ডারি হিসেবে পরিচিত এ প্রবীণ নেতার সঙ্গে রয়েছেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বেশির ভাগ নেতাকর্মী। তা ছাড়া অধিকসংখ্যক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও তাঁর অনুগত।

সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা বলেন, ‘দীর্ঘ সময় উন্নয়ন ও ভালোবাসার মাধ্যমে সন্দ্বীপের সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছি। প্রতিদ্বন্দ্বিতার কারণে নানা কল্পকাহিনি সাজিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য অনেকে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ তিনি আরো বলেন, ‘আমি একসময়ের অবহেলিত সন্দ্বীপকে সোনার সন্দ্বীপে রূপান্তরের দ্বারপ্রান্তে নিয়ে এসেছি। উন্নত যাতায়াত, টেকসই বেড়িবাঁধ, সাবমেরিন কেবলের সাহায্যে জাতীয় গ্রিড থেকে বিদ্যুতের সরবরাহসহ এলাকার প্রতিটি সমস্যা সমাধানে আন্তরিকভাবে চেষ্টা করেছি। আমি আশাবাদী প্রধানমন্ত্রী আমাকে উন্নয়নের অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ দেবেন।’

স্বাচিপ নেতা ও নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. জামাল উদ্দিন চৌধুরীও নির্বাচনকে সামনে রেখে কর্মী-সমর্থক ও সাধারণ মানুষদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন। তবে এলাকায় সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে তিনি বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করেন। মনোনয়নের ব্যাপারে তিনিও দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলে জানা গেছে।

এ ছাড়া সাবেক ছাত্রনেতা, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পৌরসভার মেয়র জাফর উল্লাহ টিটু সংসদ সদস্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে এলাকাবাসীর নজর কেড়েছেন। এ কারণে সংসদ সদস্যের রোষানলে পড়ে গত ১১ মার্চ অনুগত কাউন্সিলর ও সমর্থিত নেতাকর্মীদের নিয়ে এলাকাছাড়া হয়ে দীর্ঘদিন বাইরে থাকতে হয়েছে তাঁকে। তিনি আগামী সংসদ নির্বাচনেও মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন।

মেয়র জাফর উল্লাহ টিটু বলেন, ‘২৬ বছর ধরে রাজনীতি করছি। এলাকার গণমানুষের সমস্যাগুলো বুঝতে পারি। তৃণমূলের মানুষের সঙ্গে আমার প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে। আর এমপি-মন্ত্রী সাহেবরা থাকেন ঢাকায়। তাঁরা বড় হয়েছেন ঢাকায়। তাই তাঁরা তৃণমূল মানুষের সুখ-দুঃখ সেভাবে অনুভব করেন না। আমি মেয়র হিসেবে ছোট্ট পরিসরে মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। মেয়র পদে থেকে বৃহৎ পরিসরে এলাকার সমস্যা সমাধানের সুযোগ কম। কিন্তু সংসদ সদস্য হলে সন্দ্বীপের অনেক মৌলিক সমস্যা সমাধানে করা সম্ভব। তাই এলাকাবাসীর স্বপ্নপূরণে আগামী সংসদ নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।’

এদিকে তরুণদের প্রতিনিধি হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাইটভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান। দলের উচ্চপর্যায়ে ব্যাপক যোগাযোগ থাকায় তাঁর নামও শোনা যাচ্ছে সম্ভাব্য প্রার্থী হিসেবে। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। রাজনীতি ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবা সংস্থার সঙ্গে যুক্ত লায়ন মিজান।

দলীয় মনোনয়নের বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘নির্বাচনে দলের টিকিট পাওয়া সব রাজনীতিবিদের স্বপ্ন থাকে। তবে দলীয় প্রধান যাঁকেই মনোনয়ন দেবেন, তাঁর জন্য কাজ করব।’ তিনি আরো বলেন, ‘ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি। এখনো তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত। এ ছাড়া দলের দুঃসময়েও এলাকায় রাজনীতি করেছি। ১/১১ সরকার (২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার) আমলেও সংগঠনকে চাঙ্গা রাখতে নেতাকর্মীদের নিয়ে মাঠপর্যায়ে কাজ করেছি। কখনোই এলাকা ছেড়ে পালাইনি।’

বিএনপি: সন্দ্বীপে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন তিন ‘মোস্তফা’। তাঁরা হলেন সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মোস্তফা কামাল পাশা বাবুল ও মধ্যপ্রাচ্যের শিল্পপতি নুরুল মোস্তফা খোকন। তাঁদের মধ্যে মোস্তফা কামাল পাশা কৌশলগতভাবে এগিয়ে আছেন বলে স্থানীয় নেতাকর্মীদের ধারণা। এবারও তিনি মনোনয়ন পেতে জোর তদবির চালিয়ে যাচ্ছেন। তাঁর সঙ্গে বিএনপির উত্তর জেলা নেতা বেলায়েতসহ সন্দ্বীপ বিএনপির প্রবীণ নেতাকর্মীরা রয়েছে। মূলত ১/১১-এর পর থেকে মোস্তফা কামাল পাশাকে চ্যালেঞ্জ করে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুগত হিসেবে স্থানীয় বিএনপির একটি অংশ প্রকাশ্যে তাঁর বিরোধিতা করে আসছে। তাঁদের মধ্যে নুরুল মোস্তফা খোকন ও মোস্তফা কামাল পাশা বাবুল মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।

নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, সন্দ্বীপে বিএনপির বিবদমান উভয় গ্রুপের সাংগঠনিক কার্যক্রম খুবই সীমিত। এর পরও এক গ্রুপ কোনো সভা আহ্বান করলে অন্য গ্রুপ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তা ভণ্ডুলের চেষ্টা চালায়।

সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি। তাই মনোনয়নের বিষয়টি নিয়ে এখনো ভাবছি না। দল যদি নির্বাচনে অংশ নেয় তাহলে অবশ্যই মনোনয়ন চাইব।’ যুক্তরাষ্ট্রপ্রবাসী মোস্তফা কামাল পাশা বাবুল এবং কাতারপ্রবাসী নুরুল মোস্তফা খোকন এলাকায় তেমন একটা না এলেও তাদের অনুসারী এবং বিপুলসংখ্যক দলীয় কর্মী রয়েছে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রবাসী বিএনপি নেতাদের জনপ্রিয়তা রয়েছে সন্দ্বীপে। দলীয় মনোনয়ন পেলে তাঁরা শক্তিশালী প্রার্থী হয়ে নির্বাচনে নামতে পারেন।

কাতারপ্রবাসী নুরুল মোস্তফা খোকনের ঘনিষ্ঠজনদের সঙ্গে আলাপ করে জানা গেছে, আগামী নির্বাচনের আগে নুরুল মোস্তফা খোকনের দেশে ফেরার সম্ভাবনা কম। তার পরও দলীয় মনোনয়ন পেলে তাঁর দেশে আসার সম্ভাবনা রয়েছে।

জাতীয় পার্টি: সংসদে বর্তমান বিরোধী দল জাতীয় পার্টি পৃথকভাবে নির্বাচন করলে দলের সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি এম এ সালাম এবারও মনোনয়ন পাবেন বলে আশা করছে তাঁর অনুসারীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com