বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

আইসিইউতে পেলে কেমন আছেন

স্পোর্টস ডেস্কঃ শরীরটা একদমই স্বস্তি দিচ্ছে না ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে। গত মঙ্গলবারই হাসপাতাল ছেড়ে বাড়িতে গিয়েছিলেন। শুক্রবারই আবার হাসপাতালে ফিরতে হয়েছে, তাও আবার একেবারে আইসিইউতে। তার ভর্তির খবর জানিয়েছিল রয়টার্স ও ব্রাজিলের সংবাদ মাধ্যম।

ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পেলে। আইসিইউতে তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবলার কেমন আছেন এই ব্যাপারে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ। পেলের অবস্থা ‘স্থিতিশীল’ বলে জানিয়েছে তারা। গত সপ্তাহেই কোলন টিউমারের অপারেশন হয়েছিল পেলের।

এরপর থেকেই তিনি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিলেন না। হাসপাতাল কতৃপক্ষ বলছে, ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে পেলেকে হাসপাতালে নেওয়া হয়েছে। অবস্থার আরেকটু উন্নতি হলে তাকে ‘সেমি আইসিইউ’তে নেওয়া হবে।

পেলেকে নিয়ে উদ্বিগ্ন পুরো বিশ্বের মানুষ। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন হিসেবে বিবেচনা করা হয় তাকে। ইনস্টাগ্রামে বাবার অসুস্থতা নিয়ে তার মেয়ে কেলে নাসিমন্তো লিখেছেন, ‘খুব দ্রুত সেরে উঠবেন বাবা…আপনাদের কথা দিচ্ছি।’

তিনি আরও লেখেন, ‘সাধারণত উনার বয়সী মানুষদের অপারেশনের পর সেরে ওটা দুই পা এগিয়ে গেলে এক পা পিছিয়ে যায়।’ ইনস্টাগ্রামে এমন বার্তার সঙ্গে হাসপাতালে বাবার সঙ্গে একটি ছবিও আপলোড করেছেন কেলে। তিনি বলছেন, ওই মুহূর্তেই ছবিটি তোলা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com