শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের নগ্ন বহি:প্রকাশ তিন সিটিতেই ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোট শুরু হওয়ার পর হামলা, গ্রেফতার ও কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, ভোট শুরুর তিন ঘণ্টার মধ্যে বরিশালে ২৬, সিলেটে ৫ ও রাজশাহীতে ১৭টি কেন্দ্র থেকে দলীয় এজেন্টদের বের করে দেয়া হয়েছে।
আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন।
রিজভী বলেন, নির্বাচনী প্রচারণার প্রথম থেকে সরকারের নীল নকশার নির্বাচন নিয়ে আমরা যে অভিযোগগুলো করেছিলাম সেটিরই নগ্ন বহি:প্রকাশ তিন সিটিতেই ফুটে উঠেছে। আজ্ঞাবহ নির্বাচন কমিশনের জন্যই সরকার তিন সিটির ভোট নিয়ে অনাচারের লিপ্ত হতে পেরেছে। নির্বাচন কমিশন উচিৎ-অনুচিতের এথিক্সের ধার ধারেনি বলেই নির্বিকার থাকছে এবং নৌকার প্রার্থীকে ভোট ডাকাতিতে উৎসাহ যুগিয়ে যাচ্ছে। ক্ষমতাসীনদের অসংখ্য অনিয়ম ও নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ কমিশন কানে তোলেনি। কমিশন মুক ও বধির হয়ে গেছে। অবৈধ সরকার ও মেরুদন্ডহীন নির্বাচন কমিশন অনিবার্য সম্বন্ধসুত্রে গ্রোথিত।
তিনি বলেন, বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় থেকে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। এরা কখনোই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে দেবে না। কেন্দ্র দখল, বিরোধী দলের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে তাড়িয়ে দেয়া, জালভোটে ব্যালট বাক্স পূর্ণ করার ‘হাসিনা মার্কা’ নির্বাচনকেই বাংলাদেশের নির্বাচনের মানদন্ড করা হয়েছে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিনই এই মানদন্ড অনুযায়ী নির্বাচন হবে। ক্ষমতাসীনরা অহঙ্কার আর উন্মত্ততায় বিচার বুদ্ধি হারিয়ে ক্ষমতামায়ায় হিংসার হয়ে নির্বাচনী বিজয় জোর করে ছিনিয়ে নিতে চাচ্ছে। আর আত্মাবিক্রিকারি নির্বাচন কমিশন ভোট শেষে অনুশোচনাহীন চরম মিথ্যাচার করে বিবৃতি দিবে। অবৈধ সরকারকে খুশী করতে নির্বাচন কমিশন নিজেদের স্বাধীন ক্ষমতাকে নিজেরাই হরণ করেছে। নির্বাচন কমিশন এখন একটি প্যারাসাইট। বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের প্রতিপক্ষ।
বিএনপির শীর্ষ এই নেতা বলেন, রাজশাহী সিটিতে ২৪ জন এজেন্ট নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত যা ঘটেছে, তিন সিটিতে সুষ্ঠু নির্বাচনের কোনো আলামত দেখছি না। সরকার প্রচ-ভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।