রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

জামালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

জামালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ছবি সংগৃহীত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বেগুনবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ইসলামপুর পৌরসভার পলবান্ধা-উজানপাড়া রেলক্রসিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০), চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) এবং একই এলাকার রসুল মোল্লার ছেলে সোহেল (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী বেগুনবোঝাই একটি ট্রাকের সঙ্গে ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ট্রাকটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ট ১১-৫১৭৭ এবং মোটরসাইকেলটির নম্বর জামালপুর-ল ১১-৬৯৬৮।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবাইদা সুলতানা তমা জানান, আহত তিনজনকে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে পাঠানো হয়। পথে তার মৃত্যু হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com