মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ৫ আগস্ট থেকে শুরু হচ্ছে। ওইদিন বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া ২৭ আগস্ট রাত ১২টা পর্যন্ত চলবে। একই সঙ্গে এবারের ভর্তি পরীক্ষায় নৈর্ব্যক্তিকের সঙ্গে থাকছে লিখিত পরীক্ষাও৷
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম বর্ষে ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৪ সেপ্টেম্বর ২০১৯ শনিবার এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ভর্তি পরীক্ষায় ৭৫ নম্বরের এমসিকিউ এবং ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এমসিকিউ পরীক্ষার জন্য ৫০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং বিজ্ঞপ্তির মাধ্যমে শিগ্গিরই জানিয়ে দেওয়া হবে।