সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

রাণীশংকৈল সীমান্তে বিজিবির অভিযানে ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

রাণীশংকৈল সীমান্তে বিজিবির অভিযানে ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪৪ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সিরাপের আনুমানিক সিজার মূল্য ৪৩ হাজার ২০০ টাকা।

রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কোচল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৪৪ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করার তথ্য জানানো হয়নি।

উদ্ধার করা সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এসব অবৈধ পণ্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রেখেছে বিজিবি।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তকে মাদক ও চোরাচালানের অপতৎপরতা থেকে সুরক্ষিত রাখতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com