সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংলাপে অংশ নিতে সচিবালয়ে এনসিপির প্রতিনিধি দল নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে প্রবেশ করেন এনসিপির নেতারা।
প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অন্য সদস্যরা হলেন- দলটির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেন।
এনসিপি সূত্র জানায়, সংলাপে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি তুলে ধরবে দলটি। এ ছাড়া বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন এনসিপির নেতারা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ওই বৈঠকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার বিষয়ে একমত হন দুই নেতা।