সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

জীবনে বরকত ও জীবিকায় প্রাচুর্য লাভের উপায়

জীবনে বরকত ও জীবিকায় প্রাচুর্য লাভের উপায় ছবি সংগৃহীত

একুশের কন্ঠ ইসলামী ডেস্ক : বরকত বা বারাকাহ আরবি শব্দ। পবিত্র কোরআনে বিভিন্নভাবে এ শব্দটি ৩২ বার এসেছে। হাদিস শরিফেও মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিভিন্ন সময়ে শব্দটি ব্যবহার করেছেন। একজন মুমিনের জীবনে বরকত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বারাকাহ শব্দের অর্থ কল্যাণ, পরিতৃপ্তি, বৃদ্ধি, প্রাচুর্য, স্থায়িত্ব ও প্রশান্তি। ইসলামের পরিভাষায় বরকত বলতে বোঝায়, আল্লাহর পক্ষ থেকে কোনো কিছুতে এমন অদৃশ্য কল্যাণ ও প্রাচুর্য দান করা, যার ফলে বাহ্যিকভাবে পরিমাণে কম হলেও উপকারিতা ও স্থায়িত্ব অনেক বেশি হয়।
বরকত শুধু অর্থ-সম্পদের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং রিজিক, জীবিকা, সময়, জ্ঞান, স্বাস্থ্য, পরিবার, সন্তান-সন্ততি, সমাজ ও রাষ্ট্র—জীবনের প্রতিটি ক্ষেত্রেই এর প্রয়োজন রয়েছে।

রিজিকে বরকত: অল্প খাবারেই পরিতৃপ্তি লাভ করা, সুস্থ থাকা এবং শরীরে কর্মশক্তি ও রোগ প্রতিরোধক্ষমতা বজায় থাকা।
জীবিকায় বরকত: ব্যবসা, চাকরি, কৃষিকাজসহ যে কোনো পেশায় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করা এবং উপার্জনের মাধ্যমে পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীর হক আদায় করতে পারা।

সম্পদে বরকত: আয়ের মধ্যেই সংসারের প্রয়োজন মেটানো, ঋণমুক্ত থাকা এবং দান-সদকা করার সামর্থ্য অর্জন করা। বিপরীতে, কোটি টাকা আয় করেও অশান্তি ও অভাবের মধ্যে থাকা বরকতের অভাবের উদাহরণ হতে পারে।

সময়ে বরকত: অল্প সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ও কল্যাণকর কাজ সম্পন্ন করতে পারা। জ্ঞানে বরকত: সহজে জ্ঞান অর্জন, সে অনুযায়ী আমল করা এবং অর্জিত জ্ঞানের মাধ্যমে পরিবার, সমাজ, দেশ ও উম্মাহর উপকার করতে পারা।

জীবনে বরকত: জীবদ্দশায় বেশি বেশি নেক আমল ও কল্যাণকর কাজ করা, যার সুফল মৃত্যুর পরও মানুষের উপকারে আসে এবং সদকায়ে জারিয়ার সওয়াবের কারণ হয়।

স্বাস্থ্যে বরকত: সুস্থ থাকা, কর্মক্ষমতা বজায় রাখা এবং শারীরিকভাবে ভালো থাকার মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন করতে পারা।
পরিবার ও সন্তান-সন্ততিতে বরকত: পরিবারে শান্তি, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতা বজায় থাকা এবং সন্তানদের জ্ঞানী, নেককার ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠা।

সমাজ ও রাষ্ট্রে বরকত: সমাজ ও রাষ্ট্রে শান্তি, সম্মান ও নিরাপত্তার সঙ্গে বসবাস করা এবং ঈমান, আমল ও জীবনযাপনের পথ সহজ হওয়া।
বরকত মুমিনের জীবনের এক অনন্য নিয়ামত। তাই আমাদের উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা, হালাল উপার্জন করা, নেক আমল করা এবং সব অবস্থায় তাঁর কাছে বরকত কামনা করা।

মহান আল্লাহ আমাদের জীবন, জীবিকা, রিজিক, সময় ও পরিবারে অফুরন্ত বরকত দান করুন। আমিন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com