শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::
৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময় ঘোষণা করা হয়েছে। আগামী ৩ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।
বৃহস্পতিবার কমিশনের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
৪০তম বিসিএসে আবেদন জমা পড়েছে চার লাখ ১২ হাজার ৫৩২টি। এর আগে পিএসসিতে এত চাকরির আবেদন জমা পড়েনি। পরীক্ষা নেওয়ার বিষয়ে মোহাম্মদ সাদিক বলেন, ‘কীভাবে পরীক্ষাটি সুষ্ঠুভাবে নেওয়া যায়, তা নিয়ে আমরা কাজ করছি।’
বিসিএস ৪০তম প্রিলিমিনারির বিজ্ঞপ্তি ঘোষণা করা হয় গত বছরের ১১ সেপ্টেম্বর। অনলাইনে এর আবেদন শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগের কথা উল্লেখ আছে।