শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

৩১ আগস্ট থেকে মেডিক্যালে ভর্তির আবেদন শুরু

সাহিত্য ও শিক্ষাঙ্গন ডেস্ক:: এমবিবিএস কোর্সে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ পরিবর্তন করা হয়েছে। আজ সোমবার থেকে এ প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী ৩১ আগস্ট থেকে শুরু হবে।

গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চার জেলায় নতুন সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের ফলে এমবিবিএস ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত অনলাইন সফট্ওয়্যার প্রস্তুতকরণের সুবিধার্থে ছাত্রছাত্রীদের অনলাইন ভর্তির আবেদন গ্রহণ ২৭ আগস্টের পরিবর্তে ৩১ আগস্ট দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন করতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ-৯ থাকতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে। এমসিকিউ প্রশ্নের এক ঘণ্টা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর: জীববিদ্যা-৩০, রসায়নবিদ্যা-২৫, পদার্থবিদ্যা-২০, ইংরেজি-১৫, সাধারণ জ্ঞান: বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি-৬, আন্তর্জাতিক-৪। আগামী ৫ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য বলে গণ্য হবেন। শুধু কৃতকার্য পরীক্ষার্থীদের মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

এমবিবিএস ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিজ্ঞরিত তথ্য http://dghs.teletalk.com.bd স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mohfw.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd হতে জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com