রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

১ হাজার কোটির ক্লাবে কার দাপট বেশি?

১ হাজার কোটির ক্লাবে কার দাপট বেশি? ছবি সংগৃহীত

একুশের কন্ঠ অনলাইন ডেস্ক : বিশ্ব চলচ্চিত্রের বক্স অফিসে হাজার কোটি টাকার আয় এখন বড় সাফল্যের অন্যতম মাপকাঠি। একসময় ৫০০ কোটি টাকার ব্যবসাই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। তবে সময়ের সঙ্গে বড় বাজেট, তারকানির্ভর গল্প এবং আন্তর্জাতিক বাজারে ভারতীয় সিনেমার বিস্তারের ফলে বদলে গেছে সেই হিসাব। গত কয়েক বছরে একাধিক ভারতীয় চলচ্চিত্র ১ হাজার কোটি টাকার বেশি আয় করে নতুন রেকর্ড গড়েছে। প্রশ্ন উঠেছে, এই সাফল্যের তালিকায় এগিয়ে রয়েছেন কোন তারকারা?

বর্তমান হিসাব অনুযায়ী, শাহরুখ খান, রণবীর সিং ও প্রভাস রয়েছেন আলোচনার শীর্ষে। ২০২৩ সালে ‘পাঠান’ দিয়ে বক্স অফিসে প্রত্যাবর্তন করেন শাহরুখ খান। একই বছর মুক্তি পাওয়া ‘জওয়ান’ ও ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায়। সিনেমা দুটি বিশ্বব্যাপী ১ হাজার কোটি টাকার বেশি আয় করে বলিউডে নতুন দৃষ্টান্ত স্থাপন করে।

অন্যদিকে, কয়েকটি সিনেমার ব্যর্থতার পর রণবীর সিংয়ের ক্যারিয়ারে নতুন গতি এনে দেয় ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। পরবর্তী সময়ে ‘ধুরন্ধর’ সিরিজের সাফল্য তাকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। বিশেষ করে স্পাই থ্রিলার ঘরানার এসব সিনেমা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি বড় পর্দায় দর্শকদের পছন্দের ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করেছে সিনেমাগুলো।

দক্ষিণী তারকা প্রভাসের হাজার কোটির সাফল্যের যাত্রা শুরু হয় ‘বাহুবলী ২’ দিয়ে। ২০১৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম পর্বের অসমাপ্ত রহস্যের জবাব জানতে দর্শকদের বিপুলসংখ্যায় প্রেক্ষাগৃহে টেনে আনে। পরবর্তী সময়ে ‘কল্কি ২৮৯৮ এডি’ দিয়েও বক্স অফিসে বড় সাফল্য পান তিনি।

এই তারকাদের বাইরে হাজার কোটি টাকার ক্লাবে জায়গা করে নিয়েছেন আল্লু অর্জুন। ‘পুষ্পা ২’ সিনেমার মাধ্যমে তিনি এই সাফল্য অর্জন করেন। এ ছাড়া যশের ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ রাম চরণের ‘আরআরআর’ এবং আমির খানের ‘দঙ্গল’ও বিশ্বব্যাপী বক্স অফিসে বিশাল ব্যবসা করেছে।

এবার চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে নতুন কয়েকটি বড় বাজেটের সিনেমা। এর মধ্যে রয়েছে ‘রামায়ণ’ শাহরুখ খানের ‘কিং’ এবং সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’। বাণিজ্যিক সাফল্যের দিক থেকে সিনেমাগুলোকে ঘিরে ইতিমধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে তারকাদের উপস্থিতি, নির্মাণের ব্যাপ্তি এবং গল্পের বৈচিত্র্য দর্শকদের আগ্রহ বাড়াচ্ছে।

তবে হাজার কোটি টাকার ব্যবসা নিশ্চিত করা সহজ নয়। প্রচারণা, টিজার, ট্রেলার, দর্শকদের আগ্রহ এবং মুক্তির পর ইতিবাচক প্রতিক্রিয়া সবকিছুই একটি সিনেমার বক্স অফিস সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দর্শক টানার সক্ষমতাও বড় বিষয়।

এদিকে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এর মতো আন্তর্জাতিক বড় বাজেটের সিনেমার সঙ্গে প্রতিযোগিতাও নতুন ভারতীয় চলচ্চিত্রগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। অন্যদিকে লাভ অ্যান্ড ওয়ার’ এ একাধিক জনপ্রিয় তারকার উপস্থিতি সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা বাড়িয়েছে।

সামনে ‘রাকা’ ‘ড্রাগন’ ও সালার ২ এর মতো আরও কিছু আলোচিত সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলোর মধ্যে কোনোটি হাজার কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে নতুন রেকর্ড গড়তে পারে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে মুক্তি ও পরবর্তী বক্স অফিস ফলাফলের জন্য।

সব মিলিয়ে ভারতীয় চলচ্চিত্রের বক্স অফিসে হাজার কোটির লড়াই এখন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেষ পর্যন্ত কোন তারকা ও কোন সিনেমা নতুন ইতিহাস গড়বে, সেটিই এখন দেখার বিষয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com