শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সাভার (ঢাকা) প্রতিনিধি:: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ায় প্রায় ৫৯টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) এসব কারখানার ফটকে বন্ধের নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ।
নোটিশে বলা হয়েছে, শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে কারখানার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ কারণে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, আজ সকালে নির্ধারিত সময়ে আশুলিয়ার বিভিন্ন এলাকার শিল্পকারখানায় কাজে যোগ দিতে আসেন শ্রমিকরা। তবে কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বসে থাকায় সেগুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
দুপুর ২টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, আজকে, এখন পর্যন্ত ১৩ (১) ধারায় ১৮টি কারখানা বন্ধ রয়েছে। ১৭টা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। মৌখিকভাবে বন্ধ রয়েছে ৫টি কারখানা। সাধারণ ছুটি দিয়েছে ৭টা কারখানা। এছাড়া, আজ কাজ শুরু করার পর শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় আরো ১২টি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এনিয়ে সব মিলিয়ে ৫৯টি কারখানা বন্ধ রয়েছে। কাজ না হলে পরিস্থিতি কিছুটা বিপদগ্রস্ত হবে। কারণ, অনেক কারখানা বন্ধ রয়েছে। মালিকপক্ষও অনেক কারখানার কার্যক্রম বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি এখন অনিশ্চয়তার দিকে যাচ্ছে। এ বিষয়ে বিজিএমইএর পক্ষ থেকেও মালিকদের নিয়ে আলোচনা চলছে।
তিনি বলেন, আমরা যারা শিল্প পুলিশে দায়িত্ব পালন করছি, পাশাপাশি এলাকার গার্মেন্টস ফেডারেশনের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আজ বিকেল ৩টার দিকে আমাদের কার্যালয়ে একটি সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করেছি। সেখান থেকেও আমরা একটি বার্তা দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে ফেডারেশনের মাধ্যমে শ্রমিক ভাই-বোনদের কাছে বার্তা পৌঁছে দিতে চাই, যাতে তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে কাজে ফিরে আসেন। আজ আপনারা বিভিন্ন এলাকা ঘুরে দেখলে বুঝতে পারবেন, সর্বত্রই শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কোনো কারখানায় হাঙ্গামা বা ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেনি। সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, যেসব কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে, সেসব কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেননি। তাদের যুক্তি হচ্ছে, অন্য কারখানার শ্রমিকেরা কাজ না করেও বেতন পাচ্ছেন, তাহলে তারা কাজ করে কেন বেতন নেবেন? আমরা মনে করি, এ ধরনের চিন্তা যৌক্তিক নয়। শ্রমিক ভাই-বোনদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা কাজে ফিরে আসবেন, এটাই আমাদের প্রত্যাশা।
তিনি বলেন, গার্মেন্টস খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। আমরা চাই, এ খাতে দ্রুত স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসুক। বিজিএমইএর সভাপতি মহোদয়ের কারখানাটি একটি আলাদা বিষয়। সেখানকার শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় তিনি কারখানা বন্ধ ঘোষণা করেছেন। তবে আমরা আশাবাদী, দ্রুতই সেখানে কাজ শুরু হবে। আজ আপনারা দেখেছেন, জামগড়া এলাকায় একটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া অন্য কোথাও কারখানা বন্ধ নেই। নরসিংহপুর এলাকার যেসব কারখানা খোলা রয়েছে, সেগুলোতে শান্তিপূর্ণভাবে কাজ চলছে। জামগড়া ও কাঠগড়া এলাকায় যেসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, সেগুলো ছাড়া বাকি কারখানাগুলোতে কাজ চলছে। আর যেসব শ্রমিক কাজ করেননি, তাঁরা শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে গেছেন। আমরা মনে করছি, ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। আগামীকাল পরিস্থিতি আরও ভালো হবে বলে আমরা আশাবাদী।
আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় লোসাকা গ্রুপের একটি কারখানাও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাটির ফটকে টাঙানো নোটিশে বলা হয়েছে, বর্তমানে আশুলিয়া অঞ্চল তথা বাংলাদেশের বিভিন্ন কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান উচ্ছৃঙ্খল ও অরাজক পরিস্থিতির কারণে কারখানার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় শ্রমিকদের জানমালের নিরাপত্তা, কারখানার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ১৪ নভেম্বর শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। কারখানা পুনরায় চালুর তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
বীক নিট লিমিটেডের এক নারী অপারেটর বলেন, পাশের কারখানায় ঝামেলা ছিল, ওদের ছুটি দেওয়ার পর বাইরের লোকজন আইসা আমাদের অফিসের গেইট ভাঙছে, সিকিউরিটিরে মারছে এই কারণে আমাদের কারখানা বন্ধ রাখছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, হাতে গোনা ১২-১৪ টি কারখানায় সমস্যা ছিল। ওই সব কারখানার সমস্যাগুলো চিহ্নিত করে যদি সমাধানের উদ্যোগ নেওয়া হয় তবে কিন্ত সমাধান সম্ভব। এসব কারখানার বকেয়া বেতন, কাজের প্রেসার, অসদাচরণসহ নানা বিষয়ে শ্রমিকদের দীর্ঘদিন ক্ষোভ ছিলো। পুঞ্জিভূত এ ক্ষোভকে অস্থিতিশীলতায় পরিনত করতে বহিরাগত দুষ্কৃতকারীরা কাজে লাগিয়েছে। এখন মালিকপক্ষ সুযোগ নিচ্ছে। যেসকল কারখানা বন্ধ ঘোষণা করেছে ওই সব কারখানায় শ্রমিক ছাটাই যেন না হয় সে বিষয়ে সরকারকে খেয়াল রাখতে হবে।