শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা।

আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে শুরু হওয়া এ বিক্ষোভে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ পরিস্থিতিতে আশপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার আন্দোলন করেন। সেই দিন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

গত বৃহস্পতিবার আহত এক শ্রমিক মারা গেছেন, এমন খবর ছড়িয়ে পড়লে আজ শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার কাছেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানার পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠেন। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ওই মহাসড়কে চলাচলকারীরা। অনেকে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, শ্রমিকেরা একজনের মৃত্যুর গুজব ছড়িয়ে আন্দোলন করছেন। তবে তাঁদের মূল দাবি বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা সড়কে নেমেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com