রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
ছবি সংগৃহীত একুুশের কন্ঠ আন্তর্জাতিক ডেস্ক : টেলিযোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটের কারণে যুক্তরাষ্ট্রের বিমান চলাচলে দেখা দিয়েছে ভয়াবহ অচলাবস্থা। দেশজুড়ে ফ্লাইট স্থগিতের (গ্রাউন্ড স্টপ) পর সীমিত পরিসরে অভ্যন্তরীণ বিমান চলাচল শুরু হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। এরই মধ্যে শনিবার (১৪ নভেম্বর) ৩ হাজার ৩০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে দেশটির বিভিন্ন বিমানবন্দরে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।
ফ্লাইট চলাচলের তথ্য সরবরাহকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সকাল সোয়া ৬টা পর্যন্ত ডেল্টা এয়ারলাইনসের ১৯ শতাংশ, ইউনাইটেড এয়ারলাইনসের ১৬ শতাংশ এবং আমেরিকান এয়ারলাইনসের ১৪ শতাংশ নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের আশঙ্কা, নিয়মিত ফ্লাইট সূচি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।
এদিকে, এ বিপর্যয়ের পেছনে পুরোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রযুক্তি এবং রাউটারের ওপর অতিরিক্ত চাপকে দায়ী করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রযুক্তিগত অবকাঠামো দ্রুত আধুনিকায়নের প্রয়োজনীয়তার বিষয়টিও সামনে এসেছে।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েইন মুলিন জানিয়েছেন, ফ্লাইট স্থগিতের ঘটনার সঙ্গে জাতীয় নিরাপত্তার কোনো হুমকি জড়িত নয়। সম্প্রতি মাইক্রোসফটের যে প্রযুক্তিগত বিভ্রাট ঘটেছিল, তার সঙ্গেও এ ঘটনার সম্পর্ক নেই। অন্যদিকে, পরিবহনমন্ত্রী শন ডাফি বিমান চলাচল ব্যবস্থার আধুনিকায়নে জরুরি তহবিল বরাদ্দের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগলেও আসন্ন থ্যাংকসগিভিং ছুটিতে ভ্রমণকারীদের ওপর এর প্রভাব পড়বে না বলে আশা প্রকাশ করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিমান চলাচলের এই সংকটের প্রভাব দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। ইউরোপের গুরুত্বপূর্ণ বিমানবন্দর প্যারিসের চার্লস দ্য গল, জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও যুক্তরাজ্যের হিথ্রো থেকে যুক্তরাষ্ট্রগামী একাধিক ফ্লাইট বাতিল কিংবা বিলম্বিত হয়েছে। একই কারণে যুক্তরাষ্ট্রের কলেজ ফুটবলের কয়েকটি ম্যাচের সময়সূচিও পরিবর্তন করতে হয়েছে।
এ অবস্থায় ফ্লাইট বাতিলের শিকার যাত্রীদের অধিকার সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোনো এয়ারলাইনস ফ্লাইট বাতিল করলে এবং সংশ্লিষ্ট যাত্রী বিকল্প ভ্রমণ না করে যাত্রা বাতিলের সিদ্ধান্ত নিলে টিকিটের সম্পূর্ণ মূল্য নগদ ফেরত পাওয়ার অধিকার রয়েছে তাঁর। এয়ারলাইনস অর্থ ফেরতের পরিবর্তে ক্রেডিট বা ভাউচার দিতে চাইলে যাত্রী তা গ্রহণ না করার সুযোগও পাবেন।
পাশাপাশি যাত্রীদের বিকল্প ফ্লাইটের ব্যবস্থা আগেভাগে বিবেচনা করা এবং তুলনামূলক কম বিলম্বের ঝুঁকি রয়েছে এমন ভোরের ফ্লাইট বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।