রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের প্রভাব ক্রমেই গভীর হচ্ছে দেশের তৈরি পোশাকশিল্পে। শ্রমিক অসন্তোষ ও শিল্পাঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতির কারণে শনিবার (১৪ নভেম্বর) দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এসব কারখানায় কর্মরত প্রায় তিন লাখ শ্রমিক কাজে যোগ দিতে পারেননি বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিকেএমইএ) যৌথ জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়া ১৪৭টি কারখানার মধ্যে ৫৫টি কারখানা ইতোমধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে উৎপাদন চালুর চেষ্টা করেও শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে আরও ৯২টি কারখানায় উৎপাদন শুরু করা সম্ভব হয়নি।
বিজিএমইএ সভাপতির ভাষ্য অনুযায়ী, গত ৭ থেকে ১২ দিন ধরে সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। কারখানার ভেতরে ও বাইরে বিশৃঙ্খলা, কর্মস্থলে যেতে বাধা এবং বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনার কারণে শিল্পপ্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি অভিযোগ করেন, শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এতে শুধু সংশ্লিষ্ট কারখানার উৎপাদন নয়, পুরো পোশাকশিল্পের স্বাভাবিক কার্যক্রমও ঝুঁকির মুখে পড়ছে।
মাহমুদ হাসান খান বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি নিয়ে সরকার গঠিত ন্যূনতম মজুরি বোর্ড কাজ করছে। এমন পরিস্থিতিতে কারখানার নিরাপত্তা ও স্বাভাবিক উৎপাদন পরিবেশ নিশ্চিত করা জরুরি। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হলে মজুরি বোর্ডের আলোচনায় অংশগ্রহণের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, শ্রমিক অসন্তোষের কারণে কারখানা মালিকেরা দীর্ঘদিন ধরে উৎপাদন চালু রাখার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় অনেক প্রতিষ্ঠান কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কোনো কারখানা বন্ধ থাকলে ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি কার্যকর হতে পারে। ফলে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় শ্রমিকদের জীবিকা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে।
বিজিএমইএ সভাপতি শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে কারখানা মালিক, শ্রমিক, শ্রমিক সংগঠন, প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এদিকে পোশাকশিল্পে চলমান অস্থিরতা দীর্ঘায়িত হলে দেশের রফতানি বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। নির্ধারিত সময়ে পণ্য উৎপাদন ও বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ ব্যাহত হলে রফতানি আদেশ, ব্যবসায়িক সুনাম এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা জানান, আগামী ১৫ নভেম্বর পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরে এলে ১৬ নভেম্বর অনুষ্ঠেয় ন্যূনতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ তাদের আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেবে। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় সংগঠনগুলোর পক্ষ থেকে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।